প্রধানমন্ত্রীর জন্মদিনে রাজ্যের সব অঙ্গনওয়াড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’, হাজির থাকতে হবে কর্মীদের

Published on:

Published on:

Special instructions to Anganwadi centers on PM Narendra Modi birthday
Follow

বাংলা হান্ট ডেস্ক : ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্মদিন। সেই দিনকে ঘিরে পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতেও বিশেষ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের নারী ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ দফতর। সন্ধ্যা ৭টা বাজলেই রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জ্বলবে মোমবাতি। ‘আশীর্বাদ কা দিয়া’ কর্মসূচির আওতায় এই আয়োজন করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর (Narendra Modi) জন্মদিন ঘিরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিশেষ নির্দেশিকা

এই কর্মসূচি যাতে কোনও অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই বাদ না যায়, তার জন্য জেলা স্তর থেকে আগেভাগেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেসের অধিকর্তার প্রকাশ করা নির্দেশিকায় সংশ্লিষ্ট আধিকারিকদের দায়িত্বও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। জেলা প্রকল্প আধিকারিক এবং শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকদের নিজেদের মধ্যে যোগাযোগ রেখে গোটা ব্যবস্থাটি পরিচালনা করতে বলা হয়েছে।

শুধু মোমবাতি জ্বালানোর ব্যবস্থা করলেই হবে না। নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মী অথবা সহায়িকার মধ্যে অন্তত একজনকে সেখানে থাকতে হবে। একই সময়ে কর্মী ও সহায়িকা দুজনের উপস্থিতি সর্বত্র সম্ভব নাও হতে পারে। তাই কোন কেন্দ্রে কে দায়িত্বে থাকবেন, তা স্থানীয় পরিস্থিতি বুঝে আগে থেকেই ঠিক করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জনবল কম থাকলে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের মধ্যে কাজ ভাগ করে দিতে হবে। এমনকি দরকার পড়লে সংলগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের সহযোগিতাও নেওয়া যেতে পারে।

মঙ্গলবার জারি হওয়া সরকারি নির্দেশিকায় জেলা প্রশাসন এবং কলকাতা পুরসভার সংশ্লিষ্ট কর্তাদেরও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। প্রশাসনের তরফে পুরো প্রক্রিয়ার উপর নজর রাখার জন্য জেলা পর্যায়ে তদারকি জোরদার করার কথাও বলা হয়েছে।

Special instructions to Anganwadi centers on PM Narendra Modi birthday

আরও পড়ুন : বালি-পাথর-কয়লা থেকে বিপুল আয় সরকারের, রাজস্বে ১ নম্বরে বীরভূম! তালিকায় আরও ৪ জেলা

প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে দেশজুড়ে ‘আশীর্বাদ কা দিয়া’ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই রাজ্যের এই উদ্যোগ বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। ফলে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় একযোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মোমবাতি জ্বালানোর পাশাপাশি মাঠপর্যায়ে কর্মীদের উপস্থিতিও নিশ্চিত করতে চাইছে প্রশাসন। কর্মীসংখ্যা, কেন্দ্রের পরিস্থিতি এবং স্থানীয় প্রয়োজন অনুযায়ী আগাম পরিকল্পনা করেই ১৭ সেপ্টেম্বরের আয়োজন সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।