বাংলা হান্ট ডেস্কঃ সরকার পরিবর্তনের পরেই রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। ২০১৬ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার OMR শিট প্রকাশ করা শুরু হয়েছে SSC-র তরফে। প্রথমে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের OMR আপলোড করা হয়েছে। জানা গিয়েছে খুব শীঘ্রই গ্রুপ C এবং গ্রুপ D-র চাকরিপ্রার্থীদের OMR-ও প্রকাশ করা হবে। আদালতের নির্দেশ, সুপ্রিমকোর্টে মামলার শুনানি এবং সরকার বদলের আবহে এই সিদ্ধান্তকে ঘিরে রাজ্য রাজনীতিতেও শুরু হয়েছে নতুন বিতর্ক।
SSC OMR প্রকাশ ঘিরে নতুন বিতর্ক
SSC-র ওয়েবসাইটে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে OMR শিটের ছবি। প্রাথমিকভাবে পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর ব্যবহার করেই সেই OMR দেখতে পারবেন। জানা গিয়েছে, কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ OMR প্রকাশ করার নির্দেশ দিয়েছিল। আদালতের পর্যবেক্ষণ ছিল, নিয়োগ দুর্নীতির গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রয়েছে এই OMR শিটগুলির মধ্যেই। পরে আদালতের নির্দেশ কার্যকর না হওয়ায় মামলাকারীদের একাংশ সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন। সেই মামলার শুনানি রয়েছে আগামীকাল। তার আগেই SSC-র এই বিজ্ঞপ্তি ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।
এদিকে, ‘যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অনশনকারী মঞ্চ’-এর আহ্বায়ক সুমন বিশ্বাস একটি বার্তায় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন। তাঁর বক্তব্য, দীর্ঘদিনের আন্দোলনের ফলেই অবশেষে SSC ২০১৬ সালের পরীক্ষার OMR প্রকাশ করতে বাধ্য হয়েছে। তিনি দাবি করেন, যোগ্য চাকরিপ্রার্থীদের লড়াইয়ের পাশে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সেই বার্তাতেই তিনি নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও ধন্যবাদ জানান। তাঁর দাবি, আগের সরকার এই OMR প্রকাশ হতে দেয়নি, সরকার পরিবর্তনের পরেই তা সম্ভব হয়েছে। পাশাপাশি তিনি জানান, শিক্ষাকর্মীদের OMR-ও দ্রুত প্রকাশ করা হবে।
১৩ মে SSC ভবনে ডেপুটেশনের ডাক দিয়েছেন চাকরিহারাদের একাংশ। করুণাময়ী মোড়ে শান্তিপূর্ণ জমায়েত করে SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে আলোচনা করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। এছাড়াও, শহীদ মিনারে একটি সাংবাদিক বৈঠকের ডাক দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ ‘আমাকেই বলির পাঁঠা বানানো হয়েছিল’, মেসি-কাণ্ডে প্রথমবার মুখ খুললেন শতদ্রু দত্ত
সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির তদন্তে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে যে হার্ডডিস্ক উদ্ধার করেছিল CBI, সেখান থেকেই এই OMR শিটগুলি পাওয়া যায়। SSC-র তরফে জানানো হয়েছে, আদালতের নির্দেশ মেনেই CBI-এর কাছ থেকে পাওয়া সেই স্ক্যান করা OMR-এর ছবি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। নবম-দশম ও একাদশ-দ্বাদশের পর খুব শীঘ্রই গ্রুপ C এবং গ্রুপ D পরীক্ষার্থীদের OMR-ও প্রকাশ করা হবে বলে কমিশন জানিয়েছে।













