বাংলা হান্ট ডেস্ক : বর্তমান সময়ে সংসারের খরচ যেমন বাড়ছে, তেমনই পাল্লা দিয়ে বেড়েছে শিক্ষার ব্যয়ও। স্কুল-কলেজের ফি, বইপত্র, অন্যান্য প্রয়োজনীয় খরচ সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা বহু পরিবারের।এই পরিস্থিতিতে কৃতী পড়ুয়াদের সাহায্য করতে এসেছে সরকারি স্কলারশিপ (Government Scholarship)‘পিএম যশস্বী বৃত্তি প্রকল্প’। বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের বহু মেধাবী ছাত্র-ছাত্রী শুধুমাত্র অর্থাভাবের কারণে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারছেন না। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের পড়াশোনার জন্য উল্লেখযোগ্য আর্থিক সহায়তা দেওয়া হয়।
কী কী সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পে (Government Scholarship) ?
এই প্রকল্পের উদ্দেশ্য সুবিধাবঞ্চিত পরিবারের মেধাবী পড়ুয়াদের শিক্ষার পথ আরও সহজ করে তোলা। অর্থের অভাবে যাতে কোনও ছাত্র-ছাত্রীর পড়াশোনা মাঝপথে থেমে না যায়, সেদিকেই বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্র। এই স্কলারশিপের মাধ্যমে স্কুল ও কলেজের ফি, বই কেনা, স্টেশনারি এবং অন্যান্য শিক্ষাসংক্রান্ত খরচ মেটানোর জন্য আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে। এই বৃত্তি প্রকল্প মূলত ওবিসি (OBC), ইবিসি (EBC) এবং ডিএনটি (DNT) সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য চালু করা হয়েছে। যাঁরা পড়াশোনায় ভালো ফল করেন কিন্তু পরিবারের আর্থিক অবস্থা দুর্বল, তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।
নবম ও দশম শ্রেণিতে অধ্যয়নরত পড়ুয়ারা বছরে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারেন। একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা বছরে সর্বাধিক ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষাবিষয়ক খরচ ও হোস্টেল ভাড়ার জন্য বছরে ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়। এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র স্কুল স্তরেই সীমাবদ্ধ নয়। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্যও রয়েছে বিশেষ সুযোগ। ‘টপ ক্লাস কলেজ এডুকেশন’ কর্মসূচির অধীনে যোগ্য শিক্ষার্থীরা প্রতি মাসে সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ভাতা পেতে পারেন। পাশাপাশি বই ও স্টেশনারি কেনার জন্য বছরে অতিরিক্ত ৫ হাজার টাকাও দেওয়া হয়।
এই প্রকল্পে আবেদনকারীকে অবশ্যই ওবিসি (OBC), ইবিসি (EBC) অথবা ডিএনটি (DNT) শ্রেণির অন্তর্ভুক্ত হতে হবে। এই কেন্দ্রীয় প্রকল্পে আবেদনকারীর পরিবারের মোট বার্ষিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকার বেশি হওয়া যাবে না। আবেদনকারী শিক্ষার্থীকে স্বীকৃত সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে।
‘পিএম যশস্বী বৃত্তি প্রকল্প’-এ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন মাধ্যমে করা হয়। বাড়িতে বসেই সহজে আবেদন করা সম্ভব।
ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (NSP) অথবা যশস্বী স্কলারশিপের সরকারি ওয়েবসাইটে গিয়ে আধার নম্বর ও মোবাইল নম্বরের সাহায্যে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রাপ্ত আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

আরও পড়ুন : মোটা সুদের লোভে ঝুঁকছেন অনেকেই, পোস্ট অফিসের এই স্কিমে মিলছে দারুণ সুবিধা
এরপর ‘পিএম যশস্বী বৃত্তি প্রকল্প’ অপশন নির্বাচন করে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে। তারপর নির্দিষ্ট নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। সব তথ্য যাচাই করে আবেদনপত্র জমা দেওয়ার পর অ্যাপ্লিকেশন নম্বর সংরক্ষণ করে রাখতে হবে। উচ্চশিক্ষার পথে আর্থিক বাধা দূর করতে পিএম যশস্বী স্কলারশিপ আজ বহু পড়ুয়ার কাছে ভরসার নাম হয়ে উঠেছে।













