বাংলা হান্ট ডেস্কঃ নেপাল বিপর্যয়ের পর ১৭ দিন কেটে গেলেও মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা রায়ের (Sarmistha Roy) কোনও খোঁজ নেই। তাঁর বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছে গোটা রায় পরিবার। এর মাঝেই দেখা গেল ছোট্ট আশার আলো। চিনের বিদেশ মন্ত্রকের দেওয়া একটি তথ্য আশা জাগিয়েছে মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের (Subhranshu Roy) মনে। সেই ভিডিও নিজের সমাজমাধ্যমে শেয়ার করেছেন তিনি।
নেপাল বিপর্যয়ের পর থেকে নিখোঁজ শর্মিষ্ঠা | (Sarmistha Roy)
সম্প্রতি একটি সংবাদমাধ্যমের তরফ থেকে নেপালে হড়পা বানের পর ৫০০ জন ভারতীয় পুণ্যার্থীর আটকে পড়া ও উদ্ধারের বিষয়ে চিনের বিদেশ মন্ত্রকের কাছে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে চিনের তরফে জানানো হয়, তাঁরা বিষয়টি দেখছে। সেই বার্তাতেই স্ত্রী শর্মিষ্ঠাকে নিয়ে আশার আলো দেখেছেন শুভ্রাংশু।
আরও পড়ুনঃ অষ্টম পে কমিশনে মাসে ৫০ হাজার টাকা বেশি পাবেন সরকারি কর্মীরা! কীভাবে? রইল হিসাব
ওই ভিডিওটি নিজের সমাজমাধ্যমে শেয়ার করে মুকুল পুত্র লেখেন, “আশাবাদী হৃদয়ে ও হাতজোড় করে আমরা ৫০০ জনেরও বেশি আটকে পড়া মানুষের উদ্ধারের খবরের এই ভিডিওটি শেয়ার করছি। ভারত সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, এই তথ্যগুলি যাচাই করে আমাদের প্রিয়জনের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য জানান। কারণ আমাদের আশা এখনও অনেকেই দুর্গম এলাকায় আটকে রয়েছেন।“
গত ২১ অগাস্ট হাওড়া থেকে একটি ভ্রমণ সংস্থার সঙ্গে নেপালের উদ্দেশে রওনা দিয়েছিলেন শুভ্রাংশুর স্ত্রী শর্মিষ্ঠা। সেখানে পৌঁছনোর পর পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগও ছিল। রায় পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৫ অগাস্ট রাতে শর্মিষ্ঠার সঙ্গে শেষবারের মতো কথা হয় শুভ্রাংশুর। ২৬ অগাস্ট হড়পা বানের পর থেকে তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করা যায়নি।

তবে শুভ্রাংশুর বিশ্বাস, শর্মিষ্ঠা অক্ষত আছেন। আগেই একটি পোস্টের মাধ্যমে একথা জানিয়েছিলেন তিনি। এবার চিনের বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্যের পর তাঁর মনের সেই আশা আরও বেড়ে গিয়েছে।













