বাংলা হান্ট ডেস্ক : নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর এখনও খোঁজ মেলেনি মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়ের। তাঁর সন্ধানে পরিবার উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। এর মাঝেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁকে খুঁজে পাওয়ার খবর। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন শর্মিষ্ঠার স্বামী শুভ্রাংশু রায় (Subhranshu Roy)।
কী জানালেন শর্মিষ্ঠার স্বামী শুভ্রাংশু রায় (Subhranshu Roy) ?
ফেসবুকে একটি পোস্ট করে সংবাদমাধ্যমগুলির উদ্দেশে বিশেষ আবেদন জানিয়েছেন তিনি। কোনও তথ্য যাচাই না করে পরিবেশন না করার অনুরোধ জানিয়ে শুভ্রাংশু লিখেছেন, ‘আমি আবারও বলছি আমার এখনও বিশ্বাস যে, এই ৩২ জন ভালো আছে। কিন্তু তার মানে এই নয় যে, তাদের কারও সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ হয়েছে। আশা করি, আমার এই বিনীত অনুরোধ আপনারা যথাযথ সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন’।
উল্লেখ্য, নিখোঁজ ৩২ জনকে ঘিরে শুভ্রাংশুর আশা এখনও অটুট। তবে তাঁদের কারও সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ হয়েছে—এমন কোনও দাবি তিনি করেননি। সেই কারণেই অনুমান বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে কোনও খবর প্রকাশ না করার আর্জি জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, অতিরঞ্জিত বা ভুল তথ্য ছড়ালে নিখোঁজদের পরিবারগুলির উদ্বেগ আরও বাড়তে পারে। এর আগেও বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন শুভ্রাংশু।
রবিবার তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। সেখানে সাংবাদিক সম্মেলনে নেপালের বিপর্যয়ের জেরে আটকে পড়া ভারতীয়দের প্রসঙ্গ ওঠে। প্রায় ৫০০ ভারতীয় তীর্থযাত্রীকে উদ্ধার করা নিয়ে প্রশ্ন করা হলে চিনের পক্ষ থেকে বিষয়টি দেখার কথা জানানো হয়। এই পরিস্থিতিতে ভারত সরকারের কাছেও দ্রুত তথ্য যাচাই করে নিখোঁজদের বিষয়ে সরকারি ভাবে নিশ্চিত তথ্য জানানোর আবেদন করেছিলেন তিনি।প্রসঙ্গত, শর্মিষ্ঠার নেপাল গিয়েছিলেন একাই। গত ২১ তারিখ একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে তিনি সেখানে যান। এরপর ২৫ তারিখ রাতে স্বামীর সঙ্গে শেষবার কথা হয় তাঁর। তার পরদিন সকালেই নেপালে ভয়াবহ হড়পা বানের ঘটনা ঘটে। তারপর থেকেই শর্মিষ্ঠার সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি।

আরও পড়ুন : রেজিনগরের লড়াইয়ে অভিজ্ঞ মুখ, বিজেপির প্রার্থী হলেন দলের প্রাক্তন জেলা সভাপতি শাখারভ
বিভিন্ন মাধ্যমে তাঁর খোঁজ চালিয়ে যাচ্ছে রায় পরিবার। কিন্তু এখনও পর্যন্ত শর্মিষ্ঠা কোথায় বা কী অবস্থায় রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনও তথ্য সামনে আসেনি। তার মধ্যেই শর্মিষ্ঠাকে উদ্ধারের খবর ছড়িয়ে পড়ায় তৈরি হয়েছে নতুন বিভ্রান্তি। সময় যত গড়াচ্ছে, শর্মিষ্ঠার পরিবার ও পরিজনদের উৎকণ্ঠাও তত বাড়ছে। এর মাঝে তার একটাই আবেদন, নিশ্চিত তথ্য হাতে না পাওয়া পর্যন্ত কোনও গুজব খবর যেন প্রচার না করা হয়।













