বাংলা হান্ট ডেস্ক : এক মাসেরও বেশি সময় ধরে অপেক্ষা। নেপালের ভয়াবহ হড়পা বানের পর থেকেই নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায় (Sarmistha Roy)। এবার নেপাল সরকার আনুষ্ঠানিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়ায় তাঁর পরিবারের দুশ্চিন্তা বেড়েছে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় নিজের উদ্বেগের কথা জানিয়ে ভারত সরকারের কাছেও একাধিক প্রশ্ন রেখেছেন শর্মিষ্ঠার স্বামী শুভ্রাংশু রায় (Subhranshu Roy)।
সরকারের কাছে কী প্রশ্ন রাখলেন শর্মিষ্ঠার স্বামী শুভ্রাংশু রায় (Subhranshu Roy) ?
শর্মিষ্ঠাকে খুঁজে পেতে এতদিন নানা স্তরে যোগাযোগের চেষ্টা চালিয়েছে পরিবার। কিন্তু কোনও পথেই তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় ধরে কোনও খবর না মেলায় এখন সরকারের কাছ থেকে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে পরিবারটি। ফেসবুকে নিজের পোস্টে শুভ্রাংশু জানিয়েছেন, নেপাল, চিন এবং বেজিংয়ের পাশাপাশি ভারতীয় দূতাবাসের মাধ্যমে যোগাযোগ চালানো হলেও শুধুমাত্র চিঠি আদানপ্রদানে সমস্যার সমাধান হবে কি না, তা নিয়ে তাঁর সংশয় রয়েছে। তাঁর কথায়, ‘আমার ব্যক্তিগত মত এখানে চীন,বেজিং,নেপাল ও ভারতীয় দূতাবাস কে কাজে লাগিয়ে খালি চিঠি আদান প্রদানই হবে কিন্তু সঠিক তথ্য জানা যাবে না’।
উল্লেখ্য, একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে নেপালের উদ্দেশে যাত্রা করেছিলেন শর্মিষ্ঠা। তিনি একাই সফরে গিয়েছিলেন বলে পরিবার সূত্রে জানা যাচ্ছে। ২৫ তারিখ রাতে স্বামী শুভ্রাংশুর সঙ্গে তাঁর শেষ কথা হয়। পরদিন সকালেই নেপালের চিন-তিব্বত সীমান্ত এলাকায় নেমে আসে ভয়াবহ হড়পা বান। তারপর থেকেই কার্যত অন্ধকারে পরিবার। শর্মিষ্ঠার সঙ্গে যোগাযোগের সমস্ত চেষ্টা ব্যর্থ হওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তিনি এখন কোথায়? তিনি কি কোনওভাবে বিপদ থেকে বেরিয়ে আসতে পেরেছেন? নাকি এখনও দুর্গম কোনও এলাকায় আটকে রয়েছেন? এই প্রশ্নগুলির কোনও নিশ্চিত উত্তর এখনও পরিবারের হাতে নেই।
এই পরিস্থিতিতে শুভ্রাংশু একটি ভিডিয়োও ফেসবুকে পোস্ট করেন। সেটি ছিল একটি সাংবাদিক সম্মেলনের দৃশ্য। সেখানে এক সাংবাদিক নেপাল বিপর্যয়ের জেরে প্রায় ৫০০ জন ভারতীয় তীর্থযাত্রী আটকে পড়া এবং তাঁদের উদ্ধারের প্রসঙ্গে প্রশ্ন করেন। জবাবে চিনের তরফে জানানো হয়, বিষয়টি তাঁরা দেখছেন। সেই ভিডিও পোস্ট করে শুভ্রাংশু লিখেছেন, ‘অনুগ্রহ করে এই খবরগুলোর সত্যতা যাচাই করুন এবং আমাদের প্রিয়জনদের সম্পর্কে একটি সরকারিভাবে কিছু জানান’।

আরও পড়ুন : রাতভর পরিষেবা, পুজোয় ষষ্ঠী থেকে দশমী বাড়তি লোকাল-দূরপাল্লার ট্রেন, ঘোষণা পূর্ব রেলের
নেপালের উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাওয়ার পর শর্মিষ্ঠার পরিবার এখন আরও অনিশ্চয়তার মধ্যে। তবে অপেক্ষা থামছে না। নেপাল-চিন সীমান্ত এলাকার পরিস্থিতি এবং নিখোঁজ ভারতীয়দের বিষয়ে সরকারি স্তরে কোনও নির্ভরযোগ্য তথ্য সামনে আসে কি না, এখন সেদিকেই তাকিয়ে পরিবার।













