বাংলাহান্ট ডেস্ক: পূর্বাভাস মতোই তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে। সঙ্গে রয়েছে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। পাশাপাশি শুক্রবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চড়তে পারে পারদ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাপমাত্রা বাড়ায় দিনের বেলায় ভ্যাপসা গরম থাকবে চরমে। বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। আজ হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।
শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বিক্ষিপ্ত সামান্য বৃষ্টির পূর্বাভাস কোথাও কোথাও। সপ্তাহের শেষে বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস। আপাতত কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের বেশি থাকার সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে টানা কয়েকদিনের ঝড়-বৃষ্টির পর এবার ধীরে ধীরে চড়বে পারদ। ফলে মে মাসের ফিল বাড়বে। বাড়বে গরম ও অস্বস্তি। অন্যদিকে, উত্তরবঙ্গে রয়েছে ভিন্ন পরিস্থিতি। উত্তরের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: শুধু স্টেপ কাউন্ট নয়, লাইফস্টাইল বদলের পরামর্শও দেবে Google Health! ভারতে হচ্ছে লঞ্চ
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। জারি রয়েছে সতর্কতা। শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে।













