বাংলাহান্ট ডেস্ক: দিন দিন বাড়ছে গরম। জ্যৈষ্ঠ মাসের উত্তাপে রীতিমতো পুড়ছে দক্ষিণবঙ্গ। এই মুহূর্তে সকলেরই প্রশ্ন, বৃষ্টি কবে হবে? যদিও আবহাওয়া দপ্তর বলছে, কলকাতায় আপাতত ঝড়বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বাকি জেলাগুলিতে একইরকম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কোথাও কোথাও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আকাশ থাকবে মেঘলা। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও গরমের দাপট কমবে না আপাতত। উল্টে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
আজ গরমের মাঝেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। যার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।
আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়। গরম ও অস্বস্তি সবথেকে বেশি থাকতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। একাধিক তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আরও পড়ুন: ফের নজির গড়ল ভারত! শর্ট রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-১’-এর সফল পরীক্ষা সম্পন্ন
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে এদিনও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে। আবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।













