বাংলাহান্ট ডেস্ক: শহরজুড়ে বৃষ্টি। বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। এদিনও সকাল থেকে মেঘলা আকাশ। বৃষ্টি হচ্ছে জেলায় জেলায়।আবহাওয়া দপ্তর বলছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কোথায় কেমন থাকবে আবহাওয়া? দেখুন।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
নিম্নচাপের জেরে এদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দিনভর দফায় দফায় বৃষ্টি হবে। বুধবার পর্যন্ত টানা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ঝড়-জলের পূর্বাভাস। ৭ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল এবং সংলগ্ন সমুদ্র এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে, কোথাও দমকা হাওয়ার গতিবেগ হতে পারে আরও বেশি। সতর্কতা রয়েছে মৎসজীবীদের জন্য।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপের রূপ নিয়েছে। এদিকে বর্ষাকালীন অক্ষরেখাও সক্রিয়। সবমিলিয়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি টানা বৃষ্টিতে ভিজছে। যার জেরে তাপমাত্রাও কমেছে হুড়মুড়িয়ে। দক্ষিণবঙ্গে ফিরেছে স্বস্তি।
আগামীকাল মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সব ক’টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অধিক। পাশাপাশি ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বুধ ও বৃহস্পতিবারও বৃষ্টির ধারা জারি থাকবে দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন: শেষ হচ্ছে অপেক্ষা! কবে লাগু হচ্ছে নয়া পে কমিশন? সরকারি কর্মচারীদের জন্য ‘ভালো খবর’
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে বৃষ্টি কমেছিল গত দু’দিনে। এবার ফের তা বাড়বে। জলপাইগুড়ি এবং সংলগ্ন এলাকায় বৃষ্টির জন্য সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবার থেকে ফের টানা বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। জলপাইগুড়ির পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও ঝোড়ো হাওয়া।













