বাংলাহান্ট ডেস্ক: নিম্নচাপের ফাঁড়া কেটে গিয়েছে। তবে বৃষ্টি চলবে রাজ্যের জেলায় জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গেও (South Bengal Weather) ঝড়-বৃষ্টি চলেছে গত কয়েকদিন ধরে। নেমেছে তাপমাত্রাও। আগামীকাল বৃহস্পতিবার কেমন থাকবে আবহাওয়া? রইল আগাম আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, আপাতত বিক্ষিপ্তভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার নেই দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। আসলে নিম্নচাপ সরলেও অক্ষরেখার জেরে বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে।
আগামীকাল বৃহস্পতিবার মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি বাড়বে। সতর্কতা জারি রয়েছে।
টানা বৃষ্টির কারণে হাঁসফাঁস গরম থেকে মুক্তি মিলেছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১-৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। তবে ভ্যাপসা গরমের অনুভূতি বজায় থাকবে সর্বত্র।

আরও পড়ুন: গ্রান্ট-ইন-এইডদের বকেয়া DA, DR কবে মিলবে? সমাজমাধ্যমে বড় বার্তা সংগ্রামী যৌথ মঞ্চের
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
আগামীকাল বৃহস্পতিবারও উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি থাকবে। দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া জলপাইগুড়িতে জারি সতর্কতা। বাকি কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির দাপট কমতে পারে শুক্রবার থেকে।













