বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা (Supplementary Voter List) প্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তালিকা প্রকাশ নাও হতে পারে বলে ইঙ্গিত মিলছে। কাজ অনেকটাই বাকি থাকায় যেমন দেরির সম্ভাবনা রয়েছে, তেমনই ইদের সময় তালিকা প্রকাশ নিয়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিচারকরাও।
পিছিয়ে যেতে পারে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা (Supplementary Voter List) প্রকাশের দিন
কমিশন সূত্রে খবর, চলতি সপ্তাহেই তালিকা প্রকাশ (Supplementary Voter List) হওয়ার কথা থাকলেও এখন তা পিছিয়ে যেতে পারে। কারণ, এখনও বিপুল কাজ বাকি রয়েছে। মোট ৮০ হাজার বুথের মধ্যে প্রায় ৬০ হাজার বুথের তালিকা তৈরি হয়নি। আগে জানা গিয়েছিল, শুক্রবারই বিবেচনাধীন ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হতে পারে। সেই তালিকা থেকে প্রায় ৮ লক্ষ নাম বাদ পড়তে পারে বলেও অনুমান ছিল। বুধবার পর্যন্ত ২৩ লক্ষ ৩০ হাজার বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে প্রায় ৪০ শতাংশ নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।
তবে বাস্তবে কাজ এখনও অনেকটাই বাকি। ৮০ হাজার ৭০০ বুথের মধ্যে মাত্র ২০ থেকে ২৫ হাজার বুথের তালিকা (Supplementary Voter List) প্রস্তুত হয়েছে। জানা গিয়েছে, প্রথমে হাইকোর্ট সব বুথের তালিকা তৈরি করে নির্বাচন কমিশনের কাছে পাঠাবে। এরপর সেই তালিকা আপলোড করতে অন্তত ৬ ঘণ্টা সময় লাগবে। তার উপর ছুটির দিন থাকায় কাজ কতটা এগোবে, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। ফলে এই সপ্তাহে তালিকা প্রকাশ না-ও হতে পারে।
ইদের সময় তালিকা প্রকাশে আপত্তি
অন্যদিকে, ইদের সময় তালিকা (Supplementary Voter List) প্রকাশ নিয়েও আপত্তি তুলেছেন জুডিশিয়াল অফিসাররা। এসআইআর কাজে যুক্ত বিচারকদের একাংশ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের আশঙ্কা, ইদের সময় তালিকা প্রকাশ হলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এবং তাঁরা হুমকির মুখে পড়তে পারেন। এই পরিস্থিতিতে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল দুই দফায় ডিজি ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি সিইও ও বিশেষ পর্যবেক্ষকের সঙ্গেও আলোচনা হয়। বৈঠকে বিচারকরা তাঁদের উদ্বেগের কথা তুলে ধরেন এবং ইদের মধ্যে তালিকা প্রকাশ না করার পক্ষে মত দেন।
বিচারকদের এই আশঙ্কার প্রসঙ্গ তুলে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন সাংসদ সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, বিচারকরাই যদি আশঙ্কা প্রকাশ করেন, তাহলে পরিস্থিতির গুরুত্ব বোঝা যায়। তিনি সাধারণ মানুষকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে তৃণমূল নেতা সৌগত রায় এই আশঙ্কাকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর দাবি, আগে বহুবার তালিকা প্রকাশ হয়েছে, তাতে বিচারকদের উপর কোনও হামলার ঘটনা ঘটেনি। তাই অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। বিচারকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশ ও হাইকোর্টের বলেও তিনি জানান।

আরও পড়ুনঃ ভোটের মুখে বড় পদক্ষেপ! হাই কোর্টে ছুটলেন বিজেপি প্রার্থী অশোক দিন্দা, কেন?
সব মিলিয়ে, একদিকে অসম্পূর্ণ কাজ, অন্যদিকে নিরাপত্তা উদ্বেগ, এই দুই কারণেই বাংলায় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা (Supplementary Voter List) প্রকাশের দিন নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে।












