বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও কেন বাদ পড়েছে নাম? ট্রাইব্যুনালকে দ্রুত শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের

Published on:

Published on:

Supreme Court of India directs tribunal to hold urgent hearing about SIR.
Follow

বাংলা হান্ট ডেস্ক : ভোটের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে জোরদার বিতর্কের মাঝেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় (SIR) নাম বাদ পড়ার অভিযোগে দায়ের হওয়া এক মামলায় আদালত দ্রুত শুনানির নির্দেশ দিয়েছে।‌

ট্রাইব্যুনালে দ্রুত শুনানির নির্দেশ শীর্ষ আদালতের (Supreme Court of India):

মনোয়ারা খাতুন নামে এক মহিলার অভিযোগকে কেন্দ্র করে এই মামলা সামনে আসে। তাঁর দাবি, দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তাঁর নাম নথিভুক্ত। তিনি নিয়মিত ভোট দিয়েছেন। এমনকি ২০০২ সালের ভোটার তালিকাতেও তাঁর নাম ছিল বলে জানানো হয়েছে। অথচ আধার কার্ড ও পাসপোর্টের মতো বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অর্থাৎ এসআইআর-এ তাঁর নাম বাদ পড়ে যায়।

এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে। আবেদনকারীর পক্ষে আইনজীবী আদালতে যুক্তি দেন, আগামী ২৭ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্ধারিত সময়সীমার আগেই এই সমস্যার সমাধান হওয়া প্রয়োজন, নাহলে আবেদনকারীর ভোটাধিকার ক্ষুণ্ণ হতে পারে।

আদালতে জানানো হয়, ৩ এপ্রিল ট্রাইব্যুনালের দ্বারস্থ হলেও এখনও শুনানির সুযোগ পাননি আবেদনকারী। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সংশ্লিষ্ট আপিল ট্রাইব্যুনাল যেন মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শোনে। উল্লেখযোগ্যভাবে, এর আগে ১৩ এপ্রিল একই ধরনের একটি মামলায়ও আদালত দ্রুত শুনানির নির্দেশ দিয়েছিল। সেই ধারাবাহিকতাই বজায় রাখা হল এই ক্ষেত্রেও।

Supreme Court of India directs tribunal to hold urgent hearing about SIR

আরও পড়ুন :ভোটের ৩ দিন আগে বড় সিদ্ধান্ত! সব সিভিক-ভিলেজ ভলান্টিয়ারদের সরিয়ে দিল কমিশন, পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া, বিশেষত বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও, এই ইস্যু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধী শিবিরের একাংশ এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। নির্বাচনের আগে এই ধরনের হস্তক্ষেপ সাধারণ ভোটারদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।