বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) নিয়ে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের টানাপোড়েন এখনও শেষ হয়নি। রাজ্য সরকারের দাবি, বকেয়া ডিএ-র ৬৫ শতাংশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ৭ হাজার ৭০০ কোটি টাকার বেশি দেওয়া হয়েছে বলেও সুপ্রিম কোর্টে জানানো হয়েছে। কিন্তু কর্মীদের একাংশের অভিযোগ, তাঁরা এখনও ডিএ-র টাকা পাননি। এবার কারা টাকা পাননি, তাঁদের তালিকা চেয়ে পাঠাল সুপ্রিম কোর্ট।
রাজ্যের দাবি, ৬৫ শতাংশ ডিএ (Dearness Allowance) মেটানো হয়েছে
ডিএ (Dearness Allowance) সংক্রান্ত মামলাটি মঙ্গলবার সুপ্রিম কোর্টে ওঠে। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে মামলার শুনানি হয়। রাজ্য সরকারের হয়ে আদালতে বক্তব্য রাখেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।
তিনি জানান, এখনও পর্যন্ত ডিএ বাবদ ৭ হাজার ৭০০ কোটি টাকারও বেশি দেওয়া হয়েছে। ধাপে ধাপে কর্মীদের বকেয়া টাকা দেওয়া হচ্ছে বলেও রাজ্যের তরফে জানানো হয়।
তবে কর্মীদের একাংশের বক্তব্য, এখনও তাঁদের বকেয়া টাকা মেলেনি। তাঁদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী ফিরদৌস শামিম। তাঁর দাবি, শুধু ৭ হাজার ৭০০ কোটি টাকা নয়, প্রায় দু’বছর আগেই রাজ্য ৪১ হাজার ৭৭০ কোটি টাকার হিসেব দিয়েছিল। সেই টাকা কর্মীরা পাননি বলেই আদালতে জানানো হয়।
৬ লক্ষ কর্মী এখনও ডিএ পাননি বলে দাবি
যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষও রাজ্যের ৬৫ শতাংশ ডিএ (Dearness Allowance) মেটানোর দাবির সঙ্গে একমত নন। তাঁর দাবি, ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে যে ডিএ বকেয়া ছিল, তার মাত্র ৪৩ শতাংশ দেওয়া হয়েছে। ভাস্কর ঘোষ আরও বলেন, গ্রান্ট-ইন-এইড কর্মী এবং পেনশনপ্রাপকেরা এখনও কোনও টাকা পাননি। প্রায় ৬ লক্ষ গ্রান্ট-ইন-এইড কর্মী রয়েছেন বলেও তাঁর দাবি। তাঁদের ডিএ দেওয়ার বিষয়ে এখনও কোনও নোটিফিকেশন হয়নি বলে জানান তিনি।

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনায় টাকা পাননি? কোথায় অভিযোগ জানাবেন, জানিয়ে দিল সরকার
সব পক্ষের বক্তব্য শোনার পর ডিএ (Dearness Allowance) না পাওয়া কর্মীদের তালিকা চেয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ, রাজ্যের দেওয়া হিসেবের পরও ঠিক কতজন কর্মী টাকা পাননি, এবার সেই হিসেবই আদালতের সামনে আসতে চলেছে।













