বাংলা হান্ট ডেস্কঃ ইসকনের হাতে মিড ডে মিলের (Mid Day Meal) দায়িত্ব তুলে দেওয়া হলেও পড়ুয়াদের পাতে পড়বে ডিম। যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়ে এবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার নবান্ন থেকে একটি সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেন তিনি।
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Mid Day Meal)
গতকাল মুখ্যমন্ত্রী বলেন, মিড ডে মিলে আলাদা করে ডিম দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। আগামী ১ আগস্ট থেকেই তা কার্যকর করা হবে। সার্বিকভাবে মিড ডে মিল বিতরণের দায়িত্ব ইসকন থাকবে। তবে আলাদা করে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ডিম দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য।
আরও পড়ুনঃ দলীয় কার্যালয় নিয়ে বড় সিদ্ধান্ত! পালা করে মেট্রোপলিটন ভবনে বসবেন ঋত শিবিরের তৃণমূল নেতারা
শুভেন্দু বলেন, “আমরা পড়ুয়াদের অনেকের থেকে প্রস্তাব পেয়েছি। ওড়িশা সরকার আলাদা ভাবে করছে। সপ্তাহে একদিন বা দু’দিন আমরা ডিম সেদ্ধ দেব। এদিকে ইসকন তাঁদের মতো করে কাজ করবে। ওড়িশায় ডিম সেদ্ধ দেওয়া হচ্ছে। আমাদের অফিসাররা সেখানে দেখতে গিয়েছিলেন। আগামী শনিবার আমার উপস্থিতিতে কলকাতা শহরে এটির উদ্বোধন হবে।“
এছাড়া মুখ্যমন্ত্রী জানান, নতুন রাজ্য সরকার মিড ডে মিলে বৈষম্য দূর করেছে। আগে রাজ্যের হাই স্কুল ও উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে ১০ টাকা ও প্রাথমিক বিদ্যালয়গুলিতে ৬.৭৮ টাকা করে বরাদ্দ ছিল। প্রাথমিকেও এই বরাদ্দ বাড়িয়ে ১০ টাকা করে করা হয়েছে।
একইসঙ্গে শুভেন্দু বলেন, আগামী ১ আগস্ট থেকে শহর কলকাতার একটি বৃহৎ অংশে পাইলট প্রোজেক্ট হিসেবে ইসকনের দ্বারা মিড ডে মিল বিতরণ করা হবে। তাঁরা সাত্ত্বিক, শুদ্ধ, প্রোটিন যুক্ত খাবার পরিবেশন করবে। এর বাইরে আলাদা করে ডিম দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য।

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই মিড ডে মিলে বড় পরিবর্তনের কথা ঘোষণা হয়েছিল। পড়ুয়াদের পাতে পরিচ্ছন্ন, পুষ্টিকর খাবার পরিবেশনের দায়িত্ব ইসকনের হাতে তুলে দেয় সরকার। মুখ্যমন্ত্রী জানান, ডিম বাদ পড়লেও পড়ুয়াদের পুষ্টিতে কোনও খামতি থাকবে না। তাঁরা নিরামিষ পুষ্টিকর খাবার পাবে।
এই ঘোষণার পরেই মিড ডে মিল নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। এবার সেসবের অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী নিজে। গুরু পূর্ণিমার দিন নবান্ন থেকে সরকারের নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন তিনি।













