চন্দ্রকোনা কাণ্ডে নয়া মোড়, শুভেন্দুকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাই কোর্ট

Published on:

Published on:

Calcutta High Court
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় গাড়িতে হামলার ঘটনা ও পাল্টা অভিযোগের মামলায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন, আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত শুভেন্দুর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। একইসঙ্গে, চন্দ্রকোনায় শুভেন্দুর কনভয়ে হামলার ঘটনায় কেন্দ্রীয় বাহিনী (CAPF) এবং রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট।

কী ঘটেছিল?

ঘটনাটি ঘটে গত ১০ জানুয়ারি। পুরুলিয়ায় কর্মসূচি সেরে ফেরার পথে চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। সেদিন রাস্তার একপাশে বিজেপি কর্মী ও সমর্থকেরা দাঁড়িয়ে ছিলেন। রাস্তার উল্টো দিকে তৃণমূলের পতাকা হাতে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন। শুভেন্দুর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁর গাড়িতে হামলা চালায়।

হামলার সময় দ্রুত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শুভেন্দুর (Suvendu Adhikari) গাড়ির সামনে চলে আসেন। ঘটনার পরেই তিনি চন্দ্রকোনা থানার বিট হাউসে পৌঁছে যান। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করেন শুভেন্দু। আইসির ঘরের মেঝেতে বসে পড়েন তিনি। প্রায় ছয় ঘণ্টা পর অভিযোগ দায়ের করে থানা ছাড়েন বিরোধী দলনেতা।

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে পাল্টা অভিযোগ

এই ঘটনার পরদিনই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের হয় থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে, এই আশঙ্কা থেকেই তিনি হাই কোর্টে সুরক্ষার আবেদন জানান। এদিন আদালতে শুভেন্দুর আইনজীবী সওয়াল করেন, তাঁর মক্কেলকে অযথা হেনস্থা করা হতে পারে এবং গ্রেপ্তারের সম্ভাবনাও রয়েছে। সব পক্ষের বক্তব্য শোনার পরই বিচারপতি শুভ্রা ঘোষ শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেন। পাশাপাশি, শুভেন্দুর কনভয়ে হামলার ঘটনায় রাজ্য সরকার এবং CAPF-কে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত।

West Bengal Politics Suvendu Adhikari vs TMC

আরও পড়ুনঃ আজ সন্ধ্যায় SSC একাদশ-দ্বাদশ মেরিট লিস্ট, কতজন পাচ্ছেন চাকরি?

উল্লেখ্য, এর আগেও ২০২২ সালের ৮ ডিসেম্বর শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিলেন হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। সেই সময় নির্দেশ দেওয়া হয়েছিল, হাই কোর্টের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবে না রাজ্য। ওই রক্ষাকবচ ঘিরে বিভিন্ন সময়ে শাসকদলের কটাক্ষও শোনা গিয়েছিল। তবে গত বছরের অক্টোবরে বিচারপতি জয় সেনগুপ্ত সেই অন্তর্বর্তী রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ দেন।