বাংলা হান্ট ডেস্কঃ বাংলার বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক তৎপরতা বাড়ছে। তার মাঝেই হঠাৎ করে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রায় আধ ঘণ্টার বৈঠক ঘিরে এখন জোর জল্পনা রাজনৈতিক মহলে।
৩০ মিনিট শাহের সাথে বৈঠক করেন শুভেন্দু (Suvendu Adhikari)
সোমবার নয়াদিল্লির উদ্দেশে রওনা দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজধানীতে পৌঁছেই সন্ধ্যায় তিনি যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে। সেখানে প্রায় তিরিশ মিনিট ধরে দু’জনের মধ্যে বৈঠক হয়। যদিও বৈঠকের বিষয়বস্তু নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই, তবে সূত্রের খবর আলোচনার মূল কেন্দ্র ছিল বাংলা ও বাংলার রাজনৈতিক পরিস্থিতি।
আগে কী হয়েছিল?
কয়েকদিন আগেই দিল্লিতে বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠক করেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সেই বৈঠক হয় সুকান্ত মজুমদারের রাজধানীর বাসভবনে। তার ঠিক সপ্তাহ খানেকের মধ্যেই মুখোমুখি হলেন শাহ ও শুভেন্দু (Suvendu Adhikari)। ফলে এই সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
রাজ্যসভা নিয়েও আলোচনা?
শুধু বিধানসভা নির্বাচন নয়, রাজ্যসভার আসন নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি। বর্তমানে বঙ্গ বিজেপির তরফে রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। কিন্তু তাঁর মেয়াদ শেষ হতে চলেছে। সম্প্রতি সাংগঠনিক স্তরে বড় দায়িত্বও পেয়েছেন তিনি। ফলে তাঁকে ফের রাজ্যসভায় পাঠানো হবে কি না, তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। যদি তাঁকে না পাঠানো হয়, তাহলে রাজ্যসভা নির্বাচনে বাংলার তরফে বিজেপির প্রার্থী কে হবেন, সেই দিকেও নজর ছিল বৈঠকে। পাশাপাশি, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা নিয়েও কথাবার্তা হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ SIR নিয়ে বড় ধাক্কা! ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ মামলাই খারিজ করল সুপ্রিম কোর্ট
উল্লেখ্য, বুধবার বাংলায় আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বিজেপি সূত্রে জানা গিয়েছে, তাঁর এই সফরে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি সাংগঠনিক বৈঠক হওয়ার কথা ছিল। তবে তার আগেই দিল্লিতে গিয়ে শাহের সঙ্গে দেখা করলেন শুভেন্দু (Suvendu Adhikari)। ফলে শাহ বাংলায় এলেও আপাতত আলাদা করে আর কোনও বৈঠক নাও হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।












