বাংলা হান্ট ডেস্কঃ রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ। সেই মতো পশ্চিমবঙ্গে কর্মরত শিক্ষকদের টেট (TET) সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সম্প্রতি। শিক্ষা দপ্তর তরফে প্রাথমিক-উচ্চ প্রাথমিকে কর্মরত শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক বলে বিজ্ঞপ্তি জারি করা হয়। যা নিয়ে উদ্বিগ্ন অনেক শিক্ষকই। এই পরিস্থিতিতে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তার কথায়, প্রকাশিত বিজ্ঞপ্তিকেই এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ধরে নেওয়ার কারণ নেই। শিক্ষামন্ত্রীর এহেন অবস্থান নিয়ে এবার বিস্ফোরক সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ (Bhaskar Ghosh)।
টেট ইস্যুতে প্রশ্ন ভাস্কর ঘোষের | Bhaskar Ghosh
সমাজমাধ্যমে ভাস্করবাবু লিখেছেন, “শিক্ষা দপ্তর একটা বিজ্ঞপ্তি জারি করেছে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের retrospective TET নিয়ে।
নিশ্চয়ই কোন আধিকারিক নিজের থেকে এই কাজ করেননি। দপ্তরের আলোচনা সাপেক্ষেই এই বিজ্ঞপ্তি যদি বের না হয়ে থাকে তাহলে সেই আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”.
টেট ইস্যুতে শিক্ষামন্ত্রীর বক্তব্যের একটি ভিডিও পোস্ট করে ভাস্করবাবু আরও লিখেছেন, “অবাক হচ্ছি শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনে। যেখানে বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা নেবার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিভাগকে সেখানে উনি বলছেন এটা চূড়ান্ত নয় কী করা যায় দেখছি! আমরা যখন ডেপুটেশন দিতে গিয়ে এই নিয়ে আপনাকে জানিয়েছিলাম তখন আপনি বলেছিলেন এই বিষয় শিক্ষা দপ্তর একা সিদ্ধান্ত নিতে পারবেনা, রাজ্য সরকার ও কেন্দ্রীয় শিক্ষা দপ্তর যেমন নির্দেশ দেবে আমরা সেরকম ভাবে চলবো।”

উল্লেখ্য, শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, টেট (TET) নিয়ে সাম্প্রতিক ঘোষণা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। পরিস্থিতির মধ্যে থেকে কীভাবে একটি ইতিবাচক সমাধানে পৌঁছনো যায়, সেই পথ খুঁজছে সরকার। এর জন্য আইনি বিষয় এবং প্রশাসনিক দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: মাসের শুরুতেই ছুটির ধামাকা! অক্টোবরে সরকারি কর্মীদের পোয়া বারো, রইল হলিডে লিস্ট
ভাস্করবাবুর প্রশ্ন, “প্রশ্ন ওঠে এই বিজ্ঞপ্তি জারি কি তাদের মতামত নিয়েই হয়েছে? নাকি শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করে দিয়ে শিক্ষক শিক্ষিকাদের অভিব্যক্তি বুঝতে চাইছেন! আপনি নিজেও একজন শিক্ষক। আশা করি শিক্ষক-শিক্ষিকাদের আত্মসম্মানের জায়গাটা বোঝার চেষ্টা করবেন।”













