পুরনো শিক্ষকদেরও TET পাস বাধ্যতামূলক? সংসদে চূড়ান্ত জবাব দিল কেন্দ্র

Published on:

Published on:

TET Mandatory for In-Service Teachers
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পুরনো শিক্ষকদের মধ্যে দীর্ঘদিন ধরেই একটা বড় প্রশ্ন ঘুরছিল নতুন করে কি সবাইকে টেট (TET) পাস করতেই হবে? বিশেষ করে ২০১১ সালের আগে যাঁরা শিক্ষকতার চাকরিতে যোগ দিয়েছিলেন, তাঁদের মধ্যে এই নিয়ে উদ্বেগ ছিল সবচেয়ে বেশি। এবার সেই ধোঁয়াশা পরিষ্কার করল কেন্দ্র সরকার এবং সুপ্রিম কোর্ট। লোকসভায় দেওয়া কেন্দ্রের জবাব এবং শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, শিক্ষকতার চাকরি ধরে রাখতে টেট পাস করা এখন আবশ্যিক যোগ্যতা।

টেট (TET) নিয়ে কেন্দ্র ও সুপ্রিম কোর্টের কড়া বার্তা

লোকসভায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়ে দিয়েছে, শিক্ষার অধিকার আইন (RTE Act, 2009) এবং এনসিটিই (NCTE)-এর ২০১০ সালের নির্দেশিকা অনুযায়ী প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষকতার জন্য টেট (TET) পাস করা ন্যূনতম এবং বাধ্যতামূলক যোগ্যতা। সুপ্রিম কোর্টও এই বিষয়ে পরিষ্কার রায় দিয়েছে। আদালত জানিয়েছে টেট একটি ‘এসেনশিয়াল কোয়ালিফিকেশন’ অর্থাৎ আবশ্যিক যোগ্যতা। তাই কোনও শিক্ষক যদি টেট পাস না করেন, তবে দীর্ঘমেয়াদে তাঁর চাকরি বজায় রাখা সম্ভব নয়।

এমনকি নিয়োগের সময় টেট (TET) বাধ্যতামূলক না থাকলেও পরবর্তীতে এই যোগ্যতা অর্জন করতে হবে। কেন্দ্র সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টের এই নির্দেশ মেনেই তারা চলবে। ২০১১ সালের আগে নিযুক্ত শিক্ষকদের জন্য আলাদা করে কোনও জাতীয় নীতি বা ছাড় দেওয়া হবে না।

চাকরি টিকিয়ে রাখতে টেট পাসের সময়সীমা

সুপ্রিম কোর্ট সংবিধানের ১৪২ নম্বর ধারা প্রয়োগ করে কর্মরত শিক্ষকদের জন্য কিছু বিশেষ নির্দেশ দিয়েছে। চাকরির বাকি মেয়াদের উপর ভিত্তি করে এই নিয়ম কার্যকর হবে। নিয়ম গুলি হল –

যাঁদের চাকরির মেয়াদ ৫ বছরের বেশি বাকি : যেসব শিক্ষকের অবসর গ্রহণের আগে ৫ বছরের বেশি সময় বাকি রয়েছে, তাঁদের জন্য টেট পাস করা বাধ্যতামূলক। আদালতের রায় ঘোষণার দিন থেকে আগামী ২ বছরের মধ্যে তাঁদের অবশ্যই টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাহলে চাকরি বজায় রাখা সম্ভব হবে না।

অবসরের মুখে থাকা শিক্ষকদের জন্য ছাড় : যেসব শিক্ষকের চাকরির মেয়াদ ৫ বছরের কম বাকি রয়েছে, তাঁদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এই শিক্ষকরা টেট পাস না করলেও অবসরের বয়স পর্যন্ত চাকরিতে বহাল থাকতে পারবেন।

 

আরও পড়ুনঃ ফেব্রুয়ারিতে স্কুলে টানা ছুটি? উচ্চ মাধ্যমিকের নতুন গাইডলাইন ঘিরে চর্চা

পদোন্নতির ক্ষেত্রেও টেট বাধ্যতামূলক

শুধু চাকরি রক্ষাই নয়, পদোন্নতির ক্ষেত্রেও টেট (TET) এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যেসব শিক্ষক টেট পাস করেননি, তাঁরা কোনওভাবেই পদোন্নতি পাবেন না। চাকরির মেয়াদ যতই বাকি থাকুক, টেট পাস না করলে প্রমোশন মিলবে না‌। পদোন্নতির জন্য টেট যোগ্যতা এখন সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশের বাইরে গিয়ে নতুন কোনও নিয়ম তৈরি করা হবে না। ফলে কর্মরত শিক্ষকদের সামনে এখন একটাই পথ, টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।