বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই প্রশাসনিক কাজে গতি আনার বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার নবান্নে মন্ত্রীসভার বৈঠকের পাশাপাশি শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। পাঁচজন মন্ত্রীকে নিয়ে হওয়া ওই বৈঠক থেকে ছটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে আমলাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তাও দেন মুখ্যমন্ত্রী।
সরকারি আমলাদের কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)
এদিন প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে দায়িত্বপ্রাপ্ত সচিবদের নামও সামনে এসেছে। রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন দুষ্মন্ত নারিয়ালা। স্বরাষ্ট্র দফতরের দায়িত্বে রয়েছেন সঙ্ঘমিত্রা ঘোষ। অর্থসচিব পদে প্রভাত মিশ্র, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে রাজেশ পান্ডে এবং শিল্প দফতরের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বন্দনা যাদব।
প্রশাসনিক আধিকারিকদের আশ্বস্ত করে শুভেন্দু অধিকারী বলেন, “সরকারের কাজ সরকারের মতো করুন। সকলে যেভাবে সরকারি কাজ করে, সেই ভাবেই সরকারি কাজকে মান্যতা দিতে হবে। মাথা উঁচু করে কাজ করুন। কোনও সমস্যা হলে সরাসরি বলবেন। ভয় পাবেন না। আলাদা করে অনুপ্রেরণার প্রয়োজন নেই।”
তাঁর বক্তব্যে স্পষ্ট, সরকারি ব্যবস্থার মধ্যে কোনও ব্যক্তি নির্ভর সংস্কৃতি নয়, বরং নিয়ম মেনেই প্রশাসন চালানোর উপর জোর দিতে চাইছে নতুন সরকার। সরকারি অর্থ ব্যবহারের ক্ষেত্রেও কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “অর্থের অপচয় বন্ধ করুন। কাজের প্রয়োজনে খরচ করুন। অকারণে খরচ নয়।” পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়ন যাতে দ্রুত হয়, সেই নির্দেশও দিয়েছেন তিনি।
এদিন আগের প্রশাসনের ভূমিকা নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বলেন, “গত ১৫ বছর আপনাদের কেউ কেউ ভুল করেছেন। অনেক ক্ষেত্রে করানো হয়েছে। তবে অন্যায় হলে বলা উচিত ছিল।” একইসঙ্গে প্রশাসনিক সমন্বয় আরও শক্তিশালী করতে একটি কমন গ্রুপ তৈরির নির্দেশ দেন তিনি। সরকারি কাজে দায়বদ্ধতার প্রশ্নেও স্পষ্ট বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “কাজের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে। ভুল করলে ব্যবস্থা নেওয়া হবে। অফিসাররা প্রাপ্য সম্মান নিয়ে কাজ করবে।”
আমলাদের সঙ্গে আচরণের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, “সরকারি মঞ্চে বা মিডিয়ার সামনে কোনও আধিকারিককে অপমান করা কিংবা নাম ধরে তুই-তুমি করে সম্বোধন করার রীতিকে আমি সমর্থন করি না। প্রশাসনের প্রতিটি আধিকারিককে যথাযথ সম্মান ও মর্যাদা দিয়েই সরকার পরিচালিত হবে। কেউ দায়িত্বে গাফিলতি বা ভুল করলে তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া হবে এবং প্রয়োজন হলে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হবে।”

আরও পড়ুন : দুমাসের ডেডলাইন! মোথাবাড়ি কান্ডে NIA-কে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
নতুন সরকারের এই প্রশাসনিক বৈঠক থেকেই পরিষ্কার, কাজের গতি, স্বচ্ছতার উপর বিশেষ গুরুত্ব দিতে চাইছে রাজ্য সরকার। একইসঙ্গে আধিকারিকদের মর্যাদা বজায় রেখেই প্রশাসনিক ব্যবস্থা পরিচালনার বার্তাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।













