বাংলাহান্ট ডেস্ক : বর্ষা মানেই ইলিশ (Hilsa Fish)। সারা বছর সাগরে থাকলেও বর্ষার মরশুমেই মিষ্টি জলে ডিম পাড়তে আসে ইলিশ। এই সময়েই ইলিশের শরীরে জমে সবথেকে বেশি তেল বা চর্বি। তেলযুক্ত মাছ খেতে তো সকলেই ভালোবাসে। তবে শুধু ইলিশ নয়, ফ্যাটযুক্ত অন্যান্য মাছও রাখা উচিত খাবারের তালিকায়। পুষ্টিবিদরা বলেন, মাছ খাওয়া স্বাস্থ্যকর। তবে অতিরিক্ত কোনও কিছুই ভালো না।
প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে ইলিশ মাছে (Hilsa Fish)
ইলিশে থাকে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ। ১০০ গ্রাম ইলিশে ক্যালোরির পরিমাণ ৩১০-৩৩০। ফ্যাট রয়েছে ১৪-২৫ গ্রাম। তাই অতিরিক্ত ইলিশ খেলে ক্যালোরি গ্রহণ বেশি হয়ে যায় শরীরে। উল্লেখ্য, ওমেগা থ্রি ও ওমেগা সিক্স দুরকম ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় ইলিশ মাছে। হৃদযন্ত্র ভালো রাখতে, শরীরের প্রদাহ কমাতে, রক্তে ট্রাইগ্লিসেরাইডের মাত্রা কমাতে ইলিশ উপকারী। শিশু থেকে প্রবীণ ব্যক্তি, হৃদরোগীদের জন্য ইলিশ খাওয়া ভালো। তবে বেশি তেল দিয়ে রান্না করা যাবে না।

কতটা ভালো রুই মাছ: বাঙালির প্রিয় মাছের তালিকায় অন্যতম রুই মাছ। এই মাছে ফ্যাটের পরিমাণ প্রতি ১০০ গ্রামে ২-৪ গ্রাম। সামুদ্রিক মাছের তুলনায় রুইতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ কম। প্রতি ১০০ গ্রাম রুই মাছে প্রায় ৬০-৭৫ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। তবে এই মাছে রয়েছে চর্বিহীন প্রোটিন। তাই ওজন কমানোর জন্য খুবই উপকারী এই মাছ (Hilsa Fish)। ডায়াবেটিসের রোগী, বয়স্করা নিশ্চিন্তে খেতে পারবেন এই মাছ।
আরও পড়ুন : ‘শহীদ হয়ে গেছে তৃণমূল, জেলের ভাত খেতেই হবে!’ একুশে জুলাইয়ে কটাক্ষ সজল ঘোষের
কাতলায় কতটা প্রোটিন থাকে: বাঙালির পাতে দৈনন্দিন মাছের তালিকায় কাতলা থাকবেই। প্রতি ১০০ গ্রামে ৩-৬ গ্রাম ফ্যাট থাকে কাতলায়। তবে এই মাছের মুড়োয় থাকে সবথেকে বেশি পরিমাণে ফ্যাট। সেই কারণে ফ্যাটি লিভার, স্থূলতার মতো রোগ থাকলে এই মাছ পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। তবে কাতলায় রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট। তাই এই মাছ নানান রোগব্যাধি থেকে দূরে রাখে। কাতলা মাছ নিয়মিত খেলে হৃদরোগের ঝুঁকি কমে, স্মৃতিশক্তি বাড়ে, হাড় ও ত্বকের স্বাস্থ্য ভালো থাকে।
আরও পড়ুন : আধার-প্যান যাচাই ছাড়াই হবে ব্যাঙ্কের সব কাজ, কী এই CKYC?
এছাড়াও তেলাপিয়া, পাবদা, ভেটকি, মাগুরের মতো মাছ ফ্যাটি অ্যাসিডের চাহিদা না মেটালেও শিশু, বয়স্কদের জন্য রোজের পাতে দেওয়া যায়। সীমিত পরিমাণে খেলে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিগুণ মেলে এই মাছগুলিতে।













