বাংলা হান্ট ডেস্ক : দিঘায় (Digha) ঢোকার মুখেই পর্যটকদের নজর কাড়ে যে বিশাল প্রবেশদ্বার, এবার তার চেহারায় আসতে চলেছে বড় পরিবর্তন। পর্যটনকেন্দ্রের পরিচিত এই গেটটিকে নতুন করে সাজানোর কাজ শুরু করছে প্রশাসন। সংস্কার চলাকালীন যাতে যানবাহন বা পর্যটকদের কোনও বিপদ না ঘটে, সেই কারণে দুদিন রাতের নির্দিষ্ট সময়ে গেটের রাস্তা দিয়ে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
কবে বন্ধ থাকবে দিঘার (Digha) প্রবেশদ্বার ?
সোমবার এবং মঙ্গলবার দিঘার প্রবেশদ্বারের সংস্কার পর্ব চলবে। ১১৬-বি জাতীয় সড়কের উপরেই রয়েছে দিঘার এই প্রবেশপথ। সারাদিন এই রাস্তায় গাড়ির চাপ যথেষ্ট বেশি থাকায় দিনের ব্যস্ত সময়ে কাজ করলে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। তাই অপেক্ষাকৃত ফাঁকা রাতের সময়কে কাজের জন্য বেছে নেওয়া হয়েছে।
গেটটির সংস্কারের পরিকল্পনার সঙ্গে আরও একটি পরিবর্তন যুক্ত হয়েছে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, এর উপরের অংশে থাকা ‘বিশ্ববাংলা’ লোগো সরিয়ে ফেলা হবে। সেই কাজের জন্য দরপত্র সংক্রান্ত প্রক্রিয়াও ইতিমধ্যে শেষ হয়েছে। এবার শুরু হচ্ছে গেটের মূল কাঠামো সংস্কারের কাজ। উঁচু অংশে শ্রমিকদের কাজ করার সময় উপর থেকে কোনও সামগ্রী পড়ে যাতে পথচলতি গাড়ি কিংবা মানুষের ক্ষতি না হয়, সেদিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে।
সেই কারণেই সোমবার ও মঙ্গলবার মাঝরাত থেকে ভোররাত পর্যন্ত ওই এলাকায় যান চলাচলের উপর সাময়িক বিধিনিষেধ আরোপ করা হবে। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের অতিরিক্ত জেলা শাসক প্রতীক অশোক ধুমাল জানিয়েছেন, রাত ১২টা থেকে ভোর ৩টে পর্যন্ত পরিস্থিতি অনুযায়ী গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হতে পারে। প্রয়োজনে আবার যানবাহন আংশিক নিয়ন্ত্রণ করেও সংস্কারের কাজ চালানো হবে।

আরও পড়ুন : বাংলার উপর বিশেষ নজর! পুরভোটের আগেই পশ্চিমবঙ্গে আসছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
জেলা শাসকের কথায়, “গভীর রাতে জাতীয় সড়কে গাড়ি চলাচল অনেকটাই কম থাকে। ফলে সাধারণ মানুষের অসুবিধা এড়িয়ে কাজ এগিয়ে নেওয়া সহজ হবে। যাত্রী ও চালকদের নিরাপত্তার কথা ভেবেই এই অল্প সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত।” ফলে আগামী দুদিন দিঘায় যাতায়াতের ক্ষেত্রে রাতের ওই সময়টুকু বিশেষভাবে মাথায় রাখতে হবে পর্যটক ও গাড়িচালকদের। প্রশাসনের আশা, সাময়িক যান নিয়ন্ত্রণের মধ্যেই দ্রুততার সঙ্গে সংস্কারের কাজ শেষ করে দিঘার পরিচিত প্রবেশদ্বারকে আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব হবে।













