বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় ডিএ (Dearness Allowance) ইস্যুতে চর্চার শেষ নেই। বকেয়া ডিএ নিয়ে এখনও জট পুরোপুরি খোলেনি। দিন যত গড়াচ্ছে, ডিএ নিয়ে চর্চা ততই বাড়ছে। যদিও সম্প্রতি ২০% হারে ডিএ বৃদ্ধি করেছে সরকার। যা কার্যকর হচ্ছে আগামী মাস থেকে। এদিকে ফের একবার বৃদ্ধির পথে হাঁটতে চলেছে অন্য এক রাজ্যের সরকারও। বহুদিন ধরে রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) অপেক্ষার অবসান ঘটিয়ে ডিএ বৃদ্ধির বড় সিদ্ধান্ত নিতে পারে সরকার।
ডিএ বৃদ্ধি করতে পারে এই রাজ্য | Dearness Allowance
ঘটনাস্থল মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের মোহন যাদব সরকার দিওয়ালির আগেই রাজ্যের ১২ লক্ষ কর্মচারীর মহার্ঘ ভাতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। রাজ্য সরকার শীঘ্রই এই ঘোষণা করতে পারে বলে ইটিভি ভারতের প্রতিবেদনে দাবি করা হয়েছে। উল্লেখ্য, এই রাজ্যের কর্মচারীরা ৯ মাস ধরে মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য অপেক্ষা করছেন। খুব শীঘ্রই, দিওয়ালির আগেই সেই অপেক্ষা শেষ হতে পারে বলে খবর সূত্রের।
অর্থ বিভাগের কর্মকর্তারা উৎসবের মরসুমে ডিএ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন। এদিকে কর্মচারী সংগঠনগুলোও উৎসবের কথা মাথায় রেখে যত তাড়াতাড়ি সম্ভব মহার্ঘ ভাতা বাড়ানোর জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে। সূত্রের খবর, মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি করা হতে পারে এই কর্মীদের।
মধ্যপ্রদেশ রাজ্য কর্মচারী ইউনিয়নের সদস্য জিতেন্দ্র সিং বলেন, “কর্মচারীদের না চাইতেই রাজ্য সরকারের উচিত তাঁদের ডিএ প্রদান করা। কিন্তু রাজ্যের কর্মচারীদের এখন এর জন্য প্রতিবাদ করতে হচ্ছে। বাধ্য হচ্ছেন তাঁরা।” তার কথায়, “কেন্দ্রীয় সরকার ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে তার কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ ও ডিআর দিয়ে আসছে। কেন্দ্র ডিএ বাড়ালে রাজ্য সরকারও কর্মচারীদের সেই ভাতার সুবিধা প্রদান করে, কিন্তু এবার এই নয় মাস ধরে অপেক্ষা করতে হচ্ছে।”

আরও পড়ুন: অন্নপূর্ণার টাকা আটকে? স্ট্যাটাস দেখে বুঝে নিন এখন কী করতে হবে
উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় সে রাজ্যের সরকারি কর্মচারীরা ২ শতাংশ কম মহার্ঘ ভাতা পাচ্ছেন। বর্তমানে মধ্যপ্রদেশের কর্মচারীরা ৫৮ শতাংশ মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীরা ৫৮ শতাংশ মহার্ঘ ত্রাণ অর্থাৎ ডিআর পাচ্ছেন। কর্মচারী সংগঠনগুলো ৬০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির দাবি জানিয়েছে। এবার সরকার কত দ্রুত সেই দাবিকে মান্যতা দেয় সেটাই দেখার।













