বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভিডিয়ো, রিলস কিংবা বিভিন্ন ধরনের অনলাইন কনটেন্ট (Content Creation) তৈরি করে আয় করেন বহু মানুষ। এবার সেই আয়কে আরও উৎসাহিত করতে বড় পদক্ষেপ নিল বিহার (Bihar) সরকার। সরকারি প্রকল্প ও বিভিন্ন কর্মসূচি নিয়ে ভিডিয়ো তৈরি করা রেজিস্টার্ড কনটেন্ট ক্রিয়েটরদের আর্থিকভাবে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, নির্দিষ্ট নিয়ম মেনে সরকারি বিষয় নিয়ে তৈরি কনটেন্ট ভালো ভিউ পেলে সরাসরি সরকারের কাছ থেকেও টাকা পাওয়া যাবে। বুধবার, ১৯ অগস্ট বিহার ক্যাবিনেটের বৈঠকের পর এই নতুন ব্যবস্থার কথা ঘোষণা করা হয়।
কন্টেন্ট বানানোর (Content Creation) জন্য বিরাট পুরস্কার ঘোষণা বিহার সরকারের:
নতুন নিয়মটি কার্যকর করতে ‘বিহার সোশ্যাল মিডিয়া অ্যান্ড অনলাইন মিডিয়া রুলস ২০২৬’-এ সংশোধন আনা হয়েছে। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে মোট ১৩টি প্রস্তাব অনুমোদন করা হয়। তার মধ্যেই রয়েছে সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এই আর্থিক সুবিধার সিদ্ধান্ত। সরকারের পরিকল্পনা অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করে এমপ্যানেল বা রেজিস্টার্ড হওয়া ক্রিয়েটররা সরকারি প্রকল্প, পরিষেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে কনটেন্ট তৈরি করতে পারবেন। সেই কনটেন্টের জনপ্রিয়তার ভিত্তিতেই মিলবে আর্থিক পুরস্কার।
আরও পড়ুন:মানবদেহেই তৈরি হবে প্রতিরোধ ক্ষমতা! ক্যানসার ভ্যাকসিনের ট্রায়ালে বিরাট সাফল্য
এই ব্যবস্থায় কোনও নির্দিষ্ট ভিডিয়ো ৩০ দিনের মধ্যে এক লক্ষ ভিউ পেলে সংশ্লিষ্ট ক্রিয়েটরকে অতিরিক্ত ১০ হাজার টাকা দেওয়া হবে। তবে একটি ভিডিয়োর জন্য সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ থাকবে। অর্থাৎ, ভিডিয়োর ভিউ যত বাড়বে, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তত বেশি আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। সরকারের লক্ষ্য, প্রচলিত বিজ্ঞাপনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় প্ল্যাটফর্মগুলিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্প ও পরিষেবার তথ্য আরও দ্রুত এবং সহজভাবে পৌঁছে দেওয়া।
তবে শুধু বেশি ভিউ হলেই যে যে কোনও ক্রিয়েটর টাকা পাবেন, বিষয়টি তেমন নয়। এই সুবিধা পাওয়ার জন্য ক্রিয়েটরদের আগে সরকারি ভাবে এমপ্যানেল বা রেজিস্টার্ড হতে হবে। তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, পেজ এবং চ্যানেলের কার্যকলাপ ও ফলোয়ার সংক্রান্ত তথ্যও নিয়মিত যাচাই করা হবে। বিহারের তথ্য ও জনসংযোগ দফতর জানিয়েছে, এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা ও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশ করা হবে। ফলে কারা এই সুবিধার আওতায় আসবেন এবং অর্থ পাওয়ার জন্য কী কী শর্ত পূরণ করতে হবে, তা বিজ্ঞপ্তি প্রকাশের পর আরও স্পষ্ট হবে।

আরও পড়ুন: পাকিস্তানে হতে চলেছে বড় বদল? বাড়তে পারে মুনিরের ক্ষমতা, তুঙ্গে জল্পনা
বর্তমানে সোশ্যাল মিডিয়া মানুষের কাছে খবর, সরকারি ঘোষণা এবং বিভিন্ন পরিষেবার তথ্য পৌঁছে দেওয়ার অন্যতম বড় মাধ্যম। সেই জায়গাকে কাজে লাগিয়েই বিহার সরকার এবার কনটেন্ট ক্রিয়েটরদের (Content Creation) সঙ্গে সরাসরি কাজ করতে চাইছে। এর ফলে একদিকে যেমন সরকারি প্রকল্পের প্রচার আরও বাড়তে পারে, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় কাজ করা ক্রিয়েটরদের জন্যও তৈরি হতে পারে নতুন আয়ের সুযোগ। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে কনটেন্ট ক্রিয়েশনের জনপ্রিয়তা যেভাবে বাড়ছে, তাতে বিহারের এই সিদ্ধান্ত আগামী দিনে অন্য রাজ্যগুলিকেও একই ধরনের উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করতে পারে।














