বাংলা হান্ট ডেস্কঃ পরিষদীয় দলের পর তৃণমূলের (TMC) সংসদীয় দলে ভাঙনের গুঞ্জন চরমে। সোমবার শোনা যায়, তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে এনডিএ-র শরিক হতে চেয়েছেন। এর মধ্যে একজন হিসেবে ঘাটালের তৃণমূল সাংসদ দেবের (Dev) নামও উঠে আসে। মঙ্গলবার সেই জল্পনায় জল ঢাললেন তিনি নিজে। স্পষ্ট বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে, পাশে আছি”।
নতুন তৃণমূলে যাওয়ার জল্পনা ওড়ালেন দেব (Dev)
এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রশাসনিক বৈঠক সেরে বেরনোর পর সাংবাদিকদের মুখোমুখি হন ঘাটালেন সাংসদ। তখনই বলেন, “কোনও নতুন তৃণমূলে আমি যাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার ভালবাসা ও শ্রদ্ধা সারা জীবন একরকম থাকবে”।
আরও পড়ুনঃ মমতার বাড়ি লাগোয়া তৃণমূলের কার্যালয়ে CID! বিরাট টিম ঘিরে ফেলল এলাকা
এখানেই না থেমে দেব আরও বলেন, “ভবিষ্যতে আমার রাজনৈতিক জীবনে কী ঘটবে না ঘটবে সেটা এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে একটা কথা খুব পরিষ্কার আজ জানাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছেন, আমি ওনার পাশে রয়েছি ও থাকব”।
দেব জানান, তৃণমূল ও ঘাটালের নির্বাচিত সাংসদ হিসেবে গতকাল দিল্লি গিয়েছিলেন ও এদিন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন। দিল্লি হোক বা নবান্ন, যেখানেই গিয়েছেন, ঘাটালের মানুষের উন্নয়ন ও ন্যায্য অধিকার ছিনিয়ে আনতে গিয়েছেন বলে জানান তিনি।
এদিনের প্রশাসনিক বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ঘাটালের সাংসদ দেবের আলোচনা হয়েছে। এরপর মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকার নিজের দায়িত্বে দীর্ঘদিন ধরে আটকে থাকা ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে।

শুভেন্দু এই আশ্বাস দেওয়ার পর দেব বলেন, “আমার দৃঢ় বিশ্বাস, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে স্বপ্নের প্রকল্পের কাজ শুরু হয়েছিল, সেটা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর হাত ধরে সফলভাবে শেষ হবে”।
রাজ্যে পালাবদলের পর তৃণমূলে যে ভাঙনের ধারা শুরু হয়েছে তাঁর আচ দলের সংসদীয় দলেও এসে পড়েছে বলে খবর। শোনা যাচ্ছিল, ঘাটালের সাংসদ দেবও বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন। তবে এদিন সব জল্পনায় ইতি টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিলেন তিনি। দলনেত্রী যতদিন বেঁচে, ততদিন ওনার পাশে আছেন ও থাকবেন বলে জানিয়ে দিয়েছেন দেব।













