বাংলা হান্ট ডেস্ক : এমন বহু মহিলা রয়েছেন যাদের পিঙ্ক কার্ড এখনও হাতে আসেনি। তাহলে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে গেলে কি করতে হবে জানিয়ে দিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। সঙ্গে থাকতে হবে আধার কার্ডের কাগজের কপি। ফোনে আধারের ছবি, স্ক্রিনশট কিংবা ডিজিটাল নথি দেখিয়ে এই মুহূর্তে বিনা ভাড়ায় সফর করা যাবে না। ফলে প্রতিদিন বাসে যাতায়াতকারী মহিলাদের জন্য এই নিয়মটি বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ।
ফ্রি বাসযাত্রার জন্য নিয়ম স্পষ্ট করলেন অর্জুন সিং(Arjun Singh)
বিনামূল্যে যাত্রার সময় পরিচয় যাচাই নিয়েই মূলত এতদিন সমস্যা তৈরি হচ্ছিল। মহিলা যাত্রীদের কেউ কেউ মোবাইলে থাকা আধারের ছবি দেখিয়ে পরিষেবা নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু সেই নথি গ্রহণ করছিলেন না বাসের কন্ডাক্টররা। তাঁদের বক্তব্য ছিল, মূল আধার অথবা তার ফটোকপি দেখানো না হলে বিনামূল্যের সুবিধা দেওয়া সম্ভব নয়। এই নিয়ে যাত্রী ও কন্ডাক্টরদের মধ্যে কথা কাটাকাটির ঘটনাও ঘটছিল।
যাত্রীদের পাল্টা বক্তব্য, বর্তমানে বিভিন্ন কাজেই ফোনে থাকা নথির ছবি ব্যবহার করা যায়। তাই আলাদা করে কাগজের কপি নিয়ে প্রতিদিন বেরোনো অনেকের কাছেই ঝামেলার। এই দ্বন্দ্বের কারণেই বিনামূল্যে বাসযাত্রার নিয়ম নিয়ে তৈরি হচ্ছিল বিভ্রান্তি। পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের বক্তব্যের পর সেই বিভ্রান্তি অনেকটাই পরিষ্কার হয়েছে।
পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, মহিলাদের জন্য নির্দিষ্ট পিঙ্ক কার্ড আনুষ্ঠানিক ভাবে চালু হয়ে হাতে না পাওয়া পর্যন্ত আধার কার্ডের হার্ড কপি অথবা ফটোকপি দেখিয়েই পরিচয় যাচাই করাতে হবে। মোবাইলের গ্যালারিতে থাকা আধারের ছবি এই নিয়মের বিকল্প হিসেবে ধরা হবে না। মহিলাদের জন্য এই বিনামূল্যে বাস পরিষেবা চালু করেছে রাজ্যের বিজেপি সরকার।

আরও পড়ুন : দূষণ রুখতে উৎসবের আগে বড় নির্দেশ, বাজি-লেজারে বিধিনিষেধ হাই কোর্টের
তবে এই সুবিধা যে কোনও যাত্রীকে দেওয়া হচ্ছে না। পশ্চিমবঙ্গের স্থায়ী মহিলা বাসিন্দারা যাতে সরকারি ঘোষিত পরিষেবার আওতায় আসেন, তা নিশ্চিত করার জন্য পরিচয় যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে। পরিবহণ দফতরের মতে, এই যাচাইয়ে কাগজের নথি প্রয়োজনীয় হওয়ায় আধারের প্রতিলিপি সঙ্গে রাখার নিয়ম আপাতত কার্যকর থাকছে। অযথা ভাড়া গুনতে না চাইলে ব্যাগে আধারের একটি ফটোকপি রাখাই বুদ্ধিমানের কাজ।













