মেইন রোডে টোটো চলাচল কিছুতেই নয়! রাস্তায় টোটোর দৌরাত্ম্য নিয়ে কড়া বার্তা পরিবহণমন্ত্রীর

Published on:

Published on:

Transport minister Arjun Singh big message against toto service on main road
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাস্তায় টোটোর (Toto) দাপাদাপি বন্ধ করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। ইতিমধ্যেই পরিবহণ দফতরের তরফ থেকে বেশ কিছু কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার রাজ্যের নানা প্রান্ত থেকে বাস ধর্মঘটের হুঁশিয়ারি ও রাস্তায় টোটোর দৌরাত্ম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। এই নিয়ে বড় বার্তাও দিয়েছেন তিনি।

টোটোর দাপাদাপি বন্ধে বড় বার্তা পরিবহণমন্ত্রীর | (Arjun Singh)

অর্জুন জানান, রাত সাড়ে ৩টে নাগাদ বর্ধমান থেকে কোনও একজন সাংবাদিকের ফোন পেয়ে তিনি বুঝতে পারেন ১২০টি মিনিবাস ধর্মঘট শুরুর তোড়জোড় করছে। কারণ হিসেবে টোটোর দাপাদাপির কথা জানা মাত্রই কড়া পদক্ষেপ নেন তিনি।

আরও পড়ুনঃ কলকাতার কোন কোন রাস্তার নাম বদলাবে? জানিয়ে দিলেন তথাগত রায়

পরিবহণমন্ত্রী জানান, তিনি সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল সেক্রেটারিকে সংশ্লিষ্ট এলাকার জেলাশাসকের সঙ্গে কথা বলার নির্দেশ দেন। কোনও ভাবেই মেইন রোডে টোটো চলাচল করতে দেওয়া যাবে না, এই বিষয়ে রাজ্য সরকারের স্পষ্ট নির্দেশ রয়েছে।

রাজ্যে পালাবদলের পর থেকেই রাস্তায় টোটোর দৌরাত্ম্য কমাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে পরিবহণ দফতর। প্রথমে এই মর্মে একটি নির্দেশ দেওয়া হয়। এরপর সেই নির্দেশ বাস্তবায়নের জন্য রাজ্য পুলিশকে আরও কড়া হতে বলে ডিজিকে একটি চিঠিও দেয় সংশ্লিষ্ট দফতর।

পরিবহণ দফতর জানিয়েছিল, নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই বিভিন্ন জাতীয় সড়ক ও রাজ্য সড়কে টোটো চলাচল করছে বলে একাধিক অভিযোগ উঠেছে। ফলে যানজট তৈরি হওয়ার পাশাপাশি পথ নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে।

Arjun Singh

এই সমস্যার সমাধানে জাতীয় সড়ক, রাজ্য সড়ক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় অনুমোদনহীন টোটো চলাচল আটকাতে পুলিশকে কড়া হতে বলা হয়েছিল। দরকার পড়লে অধস্তন পুলিশ আধিকারিকদের যথাযথ নির্দেশ দেওয়ার কথাও বলা হয়। যারা নির্দেশ অমান্য করবে, তাঁদের বিরুদ্ধে ১৯৮৮ সালের মোটর ভেহিক্যালস অ্যাক্ট ও সংশ্লিষ্ট বিধি অনুসারে পদক্ষেপ নিতে বলেছিল পরিবহণ দফতর।

এবার ফের রাস্তায় টোটোর দৌরাত্ম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। মেইন রোডে কিছুতেই টোটো চলাচল করতে দেওয়া হবে না, তা স্পষ্ট করে দেন তিনি।