বাংলা হান্ট ডেস্কঃ নদিয়ার কালীগঞ্জের পলাশী এলাকায় ফের উত্তেজনা। কালীগঞ্জ বিধানসভার তৃণমূল (Trinamool Congress) বিধায়ক আলিফা আহমেদের বাড়ির ঠিক নীচে রমরমিয়ে মধুচক্রের ব্যবসা চলছে এই অভিযোগ ঘিরে বুধবার তোলপাড় শুরু হয় এলাকায়। অভিযোগ করেন তৃণমূলেরই এক স্থানীয় নেতা। খবর পেয়ে ওই বাড়িতে যায় পুলিশ এবং দু’জনকে আটক করা হয়েছে।
কে অভিযোগ তুললেন?
অভিযোগকারী তৃণমূল (Trinamool Congress) নেতা দাবি করেছেন, বিধায়ক আলিফা আহমেদের বাড়ির নীচে দীর্ঘদিন ধরে বেআইনি মধুচক্রের ব্যবসা চলছে। তাঁর অভিযোগ, স্কুল-কলেজের মেয়েরাও এই চক্রের সঙ্গে জড়িত। প্রশাসনের কাছে তাঁর দাবি, অবিলম্বে এই বেআইনি ব্যবসা বন্ধ করা হোক।
নদিয়ার কালীগঞ্জ থানার অন্তর্গত পলাশী এলাকায় এই ঘটনা। অভিযোগ ওঠার পরই এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। খবর সংগ্রহ করতে গিয়ে সংবাদমাধ্যমের উপর হামলার অভিযোগও ওঠে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক তদন্তের পর দু’জনকে আটক করে। একজন জনপ্রতিনিধির নিজের বাসভবনের নীচে কীভাবে প্রকাশ্যে এই ধরনের বেআইনি ব্যবসা চলতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, অবিলম্বে মধুচক্র বন্ধ করে এর সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। প্রশাসনের ভূমিকাও খতিয়ে দেখার দাবি উঠেছে।
তৃণমূল (Trinamool Congress) বিধায়কের সাফাই
অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল (Trinamool Congress) বিধায়ক আলিফা আহমেদ। তাঁর দাবি, তাঁর বাড়ির নীচে একটি ফ্যামিলি রেস্তোরাঁ রয়েছে। সেখানে একজন মহিলা এসেছিলেন এবং কোনও একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরেই পুলিশ গিয়েছিল। তাঁর অভিযোগ, সামনে ভোট থাকায় পরিকল্পিতভাবে তাঁর নাম জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বিজেপি। এই অভিযোগ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “রাজ্যে অবৈধভাবে টাকা তোলার প্রক্রিয়া চলছে। এমন মধুচক্র না চললেই অবাক হতে হয়।”
উল্লেখ্য, এর আগেও খবরের শিরোনামে উঠে এসেছিল নদীয়ার কালিয়াগঞ্জ। কালিয়াগঞ্জের তামান্নার কথা সকলেরই প্রায় জানা। উপ নির্বাচনে তৃণমূলের (Trinamool Congress) জয়ের উল্লাসে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয়েছিল ছোট্ট মেয়ে তামান্নার। যে বিধায়কের বিজয়োৎসবে ওই ঘটনা ঘটেছিল, সেই বিধায়ক আলিফা আহমেদের বাড়ির নিচেই মধুচক্রের ব্যবসার অভিযোগে ফের উত্তপ্ত হল কালিয়াগঞ্জ।












