বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি বা UCC Bill চালুর প্রস্তুতি শুরু হয়েছে। বিধানসভায় এই বিল পাশ হলে বিয়ে, ডিভোর্স, সম্পত্তির উত্তরাধিকার, দত্তক নেওয়া এবং লিভ-ইন সম্পর্কের মতো অনেক বিষয়ে নতুন নিয়ম চালু হতে পারে। এখন এসব ক্ষেত্রে ধর্মভেদে আলাদা আলাদা আইন রয়েছে। UCC এলে সবার জন্য একই আইন প্রযোজ্য হবে।
আসছে UCC Bill, কী কী বদল হতে পারে?
সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি ২০২৬ বিল পেশ করার পরিকল্পনা রয়েছে। বিলটি পাশ হলে পশ্চিমবঙ্গ হবে দেশের চতুর্থ রাজ্য, যেখানে UCC চালু হবে। এর আগে উত্তরাখণ্ড, অসম এবং গুজরাতে এই আইন কার্যকর হয়েছে।
UCC বা ইউনিফর্ম সিভিল কোডের মূল লক্ষ্য হল ধর্ম নির্বিশেষে দেশের সব নাগরিকের জন্য একই দেওয়ানি আইন চালু করা। অর্থাৎ বিয়ে, ডিভোর্স, সম্পত্তির ভাগ, দত্তক নেওয়া-সহ পারিবারিক বিষয়গুলিতে আলাদা আলাদা ধর্মীয় আইনের বদলে একটাই আইন থাকবে।
বিয়ে ও লিভ-ইন সম্পর্কে নতুন নিয়ম
প্রস্তাব অনুযায়ী, বিয়ের ৬০ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক হতে পারে। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না করলে জরিমানাও দিতে হতে পারে। লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রেও বড় পরিবর্তন আসতে পারে। অসমে UCC চালু হওয়ার পর লিভ-ইন সম্পর্ক শুরু হলে ৩০ দিনের মধ্যে তা নথিভুক্ত করার নিয়ম করা হয়েছে। বাংলাতেও একই ধরনের নিয়ম আনা হতে পারে। অর্থাৎ লিভ-ইন সম্পর্ক আর পুরোপুরি ব্যক্তিগত বিষয় হিসেবে থাকবে না, সরকারকে জানাতে হতে পারে।
ডিভোর্স ও সম্পত্তির ক্ষেত্রেও এক নিয়ম
এই বিলে (UCC Bill) ডিভোর্স, উত্তরাধিকার এবং দত্তক নেওয়ার ক্ষেত্রে সবার জন্য একই নিয়ম চালুর কথা বলা হয়েছে। পাশাপাশি বহুবিবাহ এবং একতরফা তিন তালাকের মতো প্রথা নিষিদ্ধ করার প্রস্তাবও রয়েছে।
UCC নিয়ে এত আলোচনা কেন?
ভারতে বহু বছর ধরেই UCC নিয়ে আলোচনা চলছে। সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদে ভবিষ্যতে সবার জন্য অভিন্ন দেওয়ানি বিধি চালুর কথা বলা হয়েছে। তবে বিভিন্ন ধর্মের নিজস্ব আইন ও প্রথার কারণে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে মতভেদ রয়েছে।

আরও পড়ুনঃ PF তুলবেন ভাবছেন? ২৬ জুন থেকেই বন্ধ একাধিক পরিষেবা, জানাল EPFO
এখন বিধানসভায় বিলটি (UCC Bill) পেশ হওয়ার পর আলোচনা হবে। এরপর সমর্থন পেলে পশ্চিমবঙ্গেও UCC কার্যকর হওয়ার পথ খুলে যেতে পারে।













