উচ্চ প্রাথমিকে সুপারিশপত্র দেওয়া শুরু করল SSC! নিয়োগপত্র নিয়েও জানা গেল বড় আপডেট

Published on:

Published on:

Upper Primary teacher recruitment recommendation letters issued by SSC
Follow

বাংলা হান্ট ডেস্কঃ প্রায় ১০ বছরের অপেক্ষার অবসান। অবশেষে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের (Upper Primary Teacher Recruitment) সুপারিশপত্র দেওয়া শুরু করল এসএসসি (SSC)। মঙ্গলবার কেন্দ্রীয় অফিস থেকে সুপারিশপত্র দেওয়া শুরু হয়েছে। গতকাল বাংলা, হিন্দি ও নেপালি মাধ্যমের বিদ্যালয়ে ইংরেজির শিক্ষক পদপ্রার্থীদের সুপারিশপত্র দেয় স্কুল সার্ভিস কমিশন।

উচ্চ প্রাথমিক প্রার্থীদের নিয়োগপত্র নিয়ে বড় আপডেট | (Upper Primary Teacher Recruitment)

এসএসসি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ৭৭ জন প্রার্থীকে ডাকা হয়েছিল। এর মধ্যে ৫৮ জন সুপারিশপত্র নিয়েছেন। একজন উপস্থিত থাকলেও সুপারিশপত্র নেননি। কমিশন সূত্রে খবর, ২০১৬ সালের নিয়ম অনুসারে নিয়োগকর্তা ছিল স্কুল। সেই কারণে এই উচ্চ প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীরা কয়েকদিন পর স্কুল থেকে নিয়োগপত্র সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুনঃ ভাল বেতন পেলেও মিলবে মহিলাদের ফ্রি বাসযাত্রা? বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

এদিকে ২০১৫ সালে টেট পাশের পর ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিয়েছিলেন বহু চাকরিপ্রার্থী। তবে নানা আইনি ও প্রশাসনিক জটিলতার জন্য দীর্ঘদিন নিয়োগ আটকে ছিল। এরপর ২০২৪ সালের অক্টোবরে আট দফা কাউন্সেলিংয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও তা সম্পন্ন হয়নি।

আদালতের নির্দেশ অনুযায়ী, ২০২৪ সালে ১৪ হাজার ৫২ জনের নিয়োগ হওয়ার কথা ছিল। তবে এর মধ্যে ১২ হাজার ৭২৩ জনের নিয়োগ হয়। আটকে ছিল ১২৪১ জন প্রার্থীর নিয়োগ। গত মে মাসে স্কুল শিক্ষা দফতরের তরফে হাইকোর্টে জানানো হয়, ১১৭৭টি শূন্যপদ আছে। হাইকোর্ট সেবার নির্দেশ দেয়, ২২ জুনের মধ্যে দ্রুত ওই শূন্যপদগুলিতে কাউন্সেলিং করে রিপোর্ট জমা দিতে হবে।

Upper Primary teacher recruitment

তবে সরকারি আইনজীবী সেদিন উচ্চ আদালতের কাছে আরও দু’সপ্তাহ সময় চেয়েছিলেন। সেই অনুসারে পরবর্তী শুনানির দিন ঠিক হয় ৮ জুলাই। তবে তার আগেই কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করেছিল এসএসসি।

কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, ২১ জুলাই থেকে ৩০ জুলাই অবধি উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং চলবে। নির্ধারিত দিনে প্রয়োজনীয় নথিপত্র সহযোগে বিধাননগরের আচার্য সদনে সকাল সাড়ে ১০টার মধ্যে প্রার্থীদের রিপোর্ট করতে হবে। সেই বিজ্ঞপ্তি মতো গতকাল থেকেই সুপারিশপত্র দেওয়া শুরু করে দিল এসএসসি।