বাংলা হান্ট ডেস্ক : বর্ষার সক্রিয়তার জেরে ফের ভিজল বাংলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনেই মঙ্গলবার দুপুরের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির পাশাপাশি পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দেখা মিলেছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে এই প্রতিকূল আবহাওয়া (Weather Update) বজায় থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বর্ষার বৃষ্টি কতদিন চলবে(Weather Update)?
মঙ্গলবার দুপুর গড়াতেই কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও পুরুলিয়ার আকাশ মেঘে ঢেকে যায়। এরপর শুরু হয় ঝিরঝিরে থেকে মাঝারি বৃষ্টি, কোথাও আবার নামতে থাকে জোর বর্ষণ। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ো হাওয়া বয়েছে বেশ কয়েকটি এলাকায়। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গে বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস পূর্বাভাস মতো, মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বজ্রগর্ভ মেঘের জেরে বৃষ্টি হয়েছে। সেই পূর্বাভাস সত্যি করে দুপুর থেকেই কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অংশে বৃষ্টি শুরু হয়। সঙ্গে ছিল বজ্রপাতের ঘটনাও। এদিন বেশ কয়েকটি জেলায় ঝড়ের সম্ভাবনা বেশি থাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘণ্টায় ঝড়ের গতিবেগ হতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কম। বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে একই ধরনের সতর্কতা বহাল থাকবে। ওইসব এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কাও রয়েছে। সমুদ্রে ৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে। তাই বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। উত্তরবঙ্গেও পরিস্থিতি কম উদ্বেগজনক নয়। পাহাড় এবং ডুয়ার্স-তরাই অঞ্চলে আগামী কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন : যুবশক্তি ভরসার ৩ হাজার টাকা পেতে হলে মানতেই হবে এই শর্ত, বাজেটে বড় ঘোষণা সরকারের
সোমবার পর্যন্ত আটটি জেলায় আবহাওয়ার সতর্কবার্তা জারি রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষদিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। কয়েকটি এলাকায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সে জন্য জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহান্তে কোচবিহারেও হতে পারে ভারী বৃষ্টি।













