বাংলা হান্ট ডেস্কঃ আজ পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী বাজেট পেশ করা হল। দুপুর ২.৩০টের সময় বিধানসভায় বাজেট ঘোষণা শুরু করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট মঞ্চ থেকেই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাজেটে একাধিক নতুন ঘোষণা করা হলেও সবচেয়ে বড় চমক হিসেবে সামনে এসেছে নতুন প্রকল্প- ‘বাংলার যুব সাথী’ (Banglar Yuba Sathi Scheme)। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যুবকদের মাসিক আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
কবে থেকে চালু হবে নতুন প্রকল্প (Banglar Yuba Sathi Scheme)
আগামী বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় ফিরলে ১৫ অগস্ট থেকেই এই প্রকল্প (Banglar Yuba Sathi Scheme) চালু করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। রাজ্যের যুব সমাজকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের মতে, বর্তমান সময়ে মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানের অভাব এবং আর্থিক অনিশ্চয়তার মধ্যে যুবসমাজকে ভরসা দিতেই এই সিদ্ধান্ত।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্যের পর এবার পুরুষ যুবকদের জন্য বিশেষ আর্থিক সহায়তার (Banglar Yuba Sathi Scheme) ব্যবস্থা করল রাজ্য সরকার। বাজেট ঘোষণার মঞ্চ থেকেই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে মহিলাদের আর্থিক নিরাপত্তার পাশাপাশি এবার যুবকদের হাতেও সরাসরি আর্থিক সাহায্য পৌঁছে দিতে চায় সরকার।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের (Banglar Yuba Sathi Scheme) সুবিধা পেতে হলে আবেদনকারীকে অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং মাধ্যমিক পাশ করা বাধ্যতামূলক। নির্ধারিত বয়সসীমার মধ্যে থাকা কর্মহীন বা আংশিক কর্মরত যুবকরাই মূলত এই ভাতার জন্য যোগ্য হবেন। সরকারের বক্তব্য, নিয়মিত মাসিক আর্থিক সহায়তা পেলে যুবক-যুবতীরা নিজেদের দক্ষতা বাড়ানো, প্রশিক্ষণ নেওয়া এবং কর্মসংস্থানের প্রস্তুতি আরও ভালোভাবে নিতে পারবেন।

আরও পড়ুনঃ বাজেট যেন উপহারের ঝুলি! আশা-অঙ্গনওয়াড়ি থেকে প্যারাটিচার, কার, কত ভাতা বাড়ল? জানুন
ভোটের মুখে অন্তর্বর্তী বাজেটে একের পর এক জনমুখী ঘোষণার মধ্যেই ‘বাংলার যুব সাথী’ প্রকল্প (Banglar Yuba Sathi Scheme) বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। লক্ষ্মীর ভাণ্ডার যেমন মহিলাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল, তেমনি এই নতুন প্রকল্প রাজ্যের যুবসমাজের জন্য বড় ভরসার জায়গা তৈরি করবে বলেই ধারণা।












