বাংলা হান্ট ডেস্কঃ এবারের বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2026) অনেকটাই অন্য ছবি দেখল বাংলা। আগে ভোট মানেই অশান্তি, হিংসা আর মৃত্যুর খবর সামনে আসত। কিন্তু এবার দুই দফার ভোটে বড় কোনও হিংসার ঘটনা হয়নি বলেই দাবি নির্বাচন কমিশনের। শুধু তাই নয়, রেকর্ড সংখ্যক মানুষ ভোট দিয়েছেন বলেও জানিয়েছে কমিশন। ভোটাররা যাতে ভয় ছাড়াই বুথে যেতে পারেন, তার জন্য আগে থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) রেকর্ড ভোট
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ বার বাংলায় মোট ভোট পড়েছে ৯২.৫৬ শতাংশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দাবি, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে এত বেশি ভোট আগে কখনও পড়েনি। কমিশন জানিয়েছে, এ বার ভোটের (West Bengal Assembly Election 2026) কাজে প্রায় পাঁচ লক্ষ কর্মী ছিলেন। বিভিন্ন জায়গা থেকে ভুয়ো ভোটের অভিযোগ এলেও বড় ধরনের হিংসা হয়নি। সবচেয়ে বড় বিষয়, দুই দফার ভোটেই কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা ভোটে ২৪ জনের মৃত্যু হয়েছিল। ২০১৬ সালেও ভোটের হিংসায় প্রাণ গিয়েছিল সাত জনের। সেই জায়গায় এবার মৃত্যুর সংখ্যা শূন্য বলে জানিয়েছে কমিশন। শুধু তাই নয়, ২০২১ সালে ভোটের সময় ৬৯টি বোমা উদ্ধার হয়েছিল। কিন্তু এবার এখনও পর্যন্ত একটিও বোমা পাওয়া যায়নি বলে দাবি কমিশনের। কমিশনের মতে, আগে অনেক মানুষ ভয় পেয়ে ভোট দিতে যেতেন না। কিন্তু এবার কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার কারণে সাধারণ মানুষ অনেক বেশি নিশ্চিন্তে ভোট দিয়েছেন।
বিরোধী দলের পোলিং এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগও এ বার প্রায় শোনা যায়নি বলে দাবি কমিশনের। নির্বাচনের আগে সমস্যা তৈরি করতে পারেন, এমন সন্দেহে ৬৮৭ জনকে আগাম গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া ভোট নিয়ে অভিযোগ এসেছে মোট ৭৭টি বুথ থেকে। ফলতার ৩২টি বুথ, মগড়াহাটের ১৩টি, ডায়মন্ড হারবারের ২৯টি এবং বজবজের ৩টি বুথে পুনর্নির্বাচন হবে।

আরও পড়ুনঃ ভোটের মধ্যেই তড়িঘড়ি শাহকে ফোন শুভেন্দুর, কী ঘটেছে?
সিইও মনোজ আগরওয়াল বলেন, পশ্চিমবঙ্গ দেখিয়ে দিয়েছে কম দফাতেও শান্তিপূর্ণ ভোট (West Bengal Assembly Election 2026) সম্ভব। অন্যদিকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, স্বাধীনতার পর বাংলায় প্রথম ও দ্বিতীয় দফায় এবারই সবচেয়ে বেশি ভোট পড়েছে।












