এক অ্যাপেই হোটেল থেকে গাড়ি বুকিং, বড় উদ্যোগ রাজ্য সরকারের

Published on:

Published on:

West bengal government big initiative, booking hotels, homestays in one app
Follow

বাংলা হান্ট ডেস্ক : অনলাইনে ভ্রমণের বুকিং করতে গিয়ে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ দিন দিন বাড়ছে। ভুয়ো ট্রাভেল এজেন্সি, নকল ওয়েবসাইট কিংবা সোশ্যাল মিডিয়ার প্রলোভনসঙ্কুল অফারে টাকা খুইয়ে সমস্যায় পড়ছেন বহু পর্যটক। এই পরিস্থিতিতে নিরাপদ ও নির্ভরযোগ্য বুকিং ব্যবস্থা গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)।খুব শীঘ্রই চালু হতে চলেছে একটি সরকারি পর্যটন অ্যাপ, যেখানে রাজ্যের অনুমোদিত হোটেল, হোম-স্টে, রিসর্ট, পরিবহণ পরিষেবা এবং ট্যুর অপারেটরদের তথ্য একসঙ্গে পাওয়া যাবে।

রাজ্য সরকারের (West Bengal Government) উদ্যোগে চালু হচ্ছে সরকারি পর্যটন অ্যাপ

শিলিগুড়িতে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত এক বৈঠকে এই পরিকল্পনার কথা জানান পর্যটনমন্ত্রী শংকর ঘোষ।
সরকারি মহলের দাবি, সাম্প্রতিক সময়ে বহু পর্যটক বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে আকর্ষণীয় অফারের ফাঁদে পা দিয়ে বুকিংয়ের টাকা জমা করলেও শেষ পর্যন্ত পরিষেবা পাননি। টাকা ফেরত চাইতে গিয়ে অনেকে আইনি জটিলতায় জড়িয়েছেন, আবার অনেকেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। বিশেষ করে উত্তরবঙ্গে এই ধরনের প্রতারণার একাধিক ঘটনা সামনে এসেছে।

উল্লেখ্য, সেই কারণেই সরকার এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির সিদ্ধান্ত নিয়েছে, যেখানে শুধুমাত্র সরকারি নিয়ম মেনে চলা এবং নথিভুক্ত পরিষেবা প্রদানকারীদেরই অন্তর্ভুক্ত করা হবে।পর্যটনমন্ত্রীর কথায়, “আমরা চাই না, বাংলায় ঘুরতে আসা পর্যটকরা প্রতারণার শিকার হোক। অসাধু কোনো চক্র পর্যটকদের ঠকিয়ে বদনাম করুক বাংলার। সেকারণে অ্যাপ আনছি। ওই অ্যাপে নির্ভরযোগ্য ট্যুর অ্যান্ড ট্রাভেল অপারেটর কিংবা এজেন্ট থেকে হোটেল-রিসর্ট বা হোম-স্টে এমনকী ট্রান্সপোর্ট, সবকিছুর উল্লেখ থাকবে। মূলত যাঁরা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের গাইড লাইন মেনে চলবেন, তাঁদের স্থান দেওয়া হবে ওই অ্যাপে। সরকারি ওই অ্যাপে থাকা তালিকা থেকে পর্যটকরা তাঁদের পছন্দের ডেস্টিনেশনে ঘুরতে যাওয়ার জন্য হোটেল হোক বা হোম-স্টে, কিংবা গাড়ি বুক করতে পারবেন।”

ভবিষ্যতের পর্যটন নীতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “আমরা দায়িত্বশীল পরিবেশবান্ধব পর্যটন উপহার দিতে চাই। বাংলার দুর্গাপুজোকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিদের সঙ্গে যোগসূত্র স্থাপনের টার্গেট নেওয়া হয়েছে।” রাজ্যের পর্যটনকে আরও জনপ্রিয় করে তুলতে প্রচার ও ব্র্যান্ডিংয়ের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়টিকেও সমান গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সমুদ্রভিত্তিক পর্যটনের ক্ষেত্রে দীঘা ও মন্দারমণিকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি প্রকৃতিনির্ভর পর্যটনের মানচিত্রে গজলডোবাকে অন্যতম আকর্ষণ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বৈঠকে হোম-স্টে মালিকদের জন্যও কড়া বার্তা দেওয়া হয়। জানানো হয়েছে, সরকারি নির্দেশিকা মেনে পরিষেবা চালাতে হবে এবং কোনও হোম-স্টে লিজ বা ভাড়ার ভিত্তিতে পরিচালনা করা যাবে না। নিয়ম ভাঙলে রেজিস্ট্রেশন বাতিল হওয়ার পাশাপাশি সরকারি প্রণোদনাও বন্ধ হতে পারে। যেসব হোম-স্টে আর্থিক সহায়তা নেওয়ার পরেও কার্যত বন্ধ রয়েছে, তাদের চিহ্নিত করতে অডিট করা হবে এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

পর্যটন অবকাঠামো উন্নয়ন নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা জানান, বাগডোগরা বিমানবন্দরের সক্ষমতা বাড়ানোর কাজ চলছে, যাতে ভবিষ্যতে আরও বেশি বিমান চলাচল সম্ভব হয়। পাশাপাশি শিলিগুড়ি-দার্জিলিং বিকল্প সড়ক নির্মাণের জন্য ডিপিআর প্রস্তুত করা হচ্ছে। তিস্তা থেকে লেবং এবং লেবং থেকে তিনমাইল পর্যন্ত নতুন সার্কুলার রোড তৈরির পরিকল্পনাও রয়েছে।

West bengal government big initiative, booking hotels, homestays in one app

আরও পড়ুন : চালু হচ্ছে অন্নপূর্ণা যোজনার পোর্টাল! জানানো যাবে আপত্তি, আর কী কী সুবিধা মিলবে জানুন

এছাড়া ঘুম থেকে দার্জিলিং পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ রোপওয়ে চালুর বিষয়েও আলোচনা এগোচ্ছে। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে পর্যটকদের বুকিং আরও নিরাপদ ও স্বচ্ছ হবে বলে মনে করছে রাজ্য সরকার। একই সঙ্গে অনুমোদিত পরিষেবা প্রদানকারীদের একটি নির্ভরযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হওয়ায় বাংলার পর্যটন শিল্পে আস্থা যেমন বাড়বে, তেমনই প্রতারণার ঘটনাও উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।