বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের শিল্পোন্নয়নের গতি ফেরাতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME) ক্ষেত্রকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার (West Bengal Government)। বহুদিন ধরে বন্ধ হয়ে থাকা প্রায় ৮ হাজার MSME ইউনিট পুনরায় চালু করার রূপরেখাও তৈরি হচ্ছে। শনিবার কলকাতায় এক অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা তুলে ধরেন রাজ্যের MSME ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা।
রাজ্য সরকারের (West Bengal Government) হাত ধরে পুনরায় খুলবে কারখানা
মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (MCCI)-র উদ্যোগে আয়োজিত এক ইন্টারঅ্যাকটিভ সেশনে বক্তব্য রাখতে গিয়ে অশোক দিন্দা বলেন, “রাজ্যে কর্মসংস্থানের অন্যতম বৃহৎ উৎস MSME খাত গত কয়েক বছর ধরে ‘ম্রিয়মাণ’ অবস্থায় রয়েছে। এই খাতের দিকে জরুরি ভিত্তিতে নজর দেওয়া প্রয়োজন।” তাঁর বক্তব্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে বর্তমানে প্রায় ৯০ লক্ষ MSME ইউনিট সক্রিয় রয়েছে এবং এই খাতের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছেন প্রায় ১.৩৫ কোটি মানুষ। তিনি জানান, নতুন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হবে MSME ক্ষেত্রকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা।
এই প্রসঙ্গে বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা বলেন, “নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। আমাদের লক্ষ্য হবে এই খাতকে পুনরুজ্জীবিত করা। বর্তমানে প্রায় ৮০০০ MSME ফ্যাক্টরি রাজ্যে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। আমাদের কাছে চ্যালেঞ্জ হল এই ইউনিটগুলোকে ফের চালু করা।” তাঁর মতে, এই শিল্প ইউনিটগুলি পুনরায় সচল করা গেলে রাজ্যের শিল্প ও কর্মসংস্থানের চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। স্থানীয় শিল্পকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ‘ভোকাল ফর লোকাল’ নীতিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
অশোক দিন্দা জানান, রাজ্য বাজেটে ইতিমধ্যেই শিল্প ক্লাস্টার ও শিল্প পার্ক গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মাধ্যমে MSME ক্ষেত্রের পরিকাঠামো আরও মজবুত করার উদ্যোগ নেওয়া হবে। শিল্পে নতুন বিনিয়োগ আনতে উন্নত যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মত প্রকাশ করেন দিন্দা। তাঁর কথায়, বড় শিল্প হোক কিংবা MSME—উভয় ক্ষেত্রেই বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আধুনিক সড়ক পরিকাঠামো অপরিহার্য। পাশাপাশি খুব শীঘ্রই শিল্প স্থাপনের অনুমোদন প্রক্রিয়া সহজ করতে সিঙ্গল-উইন্ডো ক্লিয়ারেন্স ব্যবস্থা চালু করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন : আর শুধু নদী নয়, এবার পুকুরেও মিলবে ইলিশ! বড় সাফল্য মিলল বাংলার গবেষণায়
জানা গেছে, ইতিমধ্যেই একাধিক শিল্প সংস্থা পশ্চিমবঙ্গে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে এবং শিল্পায়নের গতি বাড়াতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। রাজ্য সরকারের বিশ্বাস, বন্ধ শিল্প ইউনিটগুলিকে পুনরুজ্জীবিত করা এবং নতুন বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে MSME ক্ষেত্র আবারও শক্তিশালী হয়ে উঠবে। এর ফলে যেমন কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে, তেমনই পশ্চিমবঙ্গের শিল্প বিকাশও নতুন মাত্রা পাবে।













