বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে নতুন করে শুরু হচ্ছে আবেদন। সম্প্রতি এমনই আপডেট সামনে এসেছে। গত তিন মাসের পর চলতি মাসে ১৭ সেপ্টেম্বর থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করেছে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে। তবে এখনও কোনও টাকাই পাননি বহু আবেদনকারী। আবার অনেকে আছেন যারা নতুন করে এই প্রকল্পে যুক্ত হতে চাইছেন।
সেপ্টেম্বর মাসে দেড় কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। নতুন করে জুড়েছে ১০ লক্ষ উপভোক্তা। যদিও মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ভেরিফিকেশনের পর যাঁরা যোগ্য বলে বিবেচিত তারা সকলেই পুজোর আগে টাকা পাবেন। এরই মধ্যে নতুন করে শুরু হচ্ছে অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া।
অন্নপূর্ণা যোজনায় আবেদন শুরু শীঘ্রই | Annapurna Yojana
রাজ্যের সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে ফের সেবা সেতু অভিযানের আওতায় ক্যাম্প বসাতে চলেছে রাজ্য। অক্টোবর মাসের শুরুতেই এই ক্যাম্পগুলি বসবে। যার মাধ্যমে সরকারি প্রকল্পগুলিতে আবেদন সহ সবরকম সহায়তা পাওয়া যাবে।
প্রশাসন তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারি প্রকল্পের পাশাপাশি, কেন্দ্রের প্রকল্পগুলিতেও আবেদন, ভেরিফিকেশন সহ যাবতীয় কাজ করা যাবে সেবা সেতু অভিযানে। হবে অন্নপূর্ণা যোজনা সহ যাবতীয় সমস্যার সমাধানও। আসলে অনেকেই আছেন যাঁরা আগের ধাপে আবেদন করতে পারেননি। নতুন করে আবেদন করতে চান। তাদের জন্য এটা বড় সুযোগ।

আরও পড়ুন: পুজোর আগে একগুচ্ছ ট্রেন বাতিল, কোন কোন ট্রেন চলবে না? দেখে নিন তালিকা
এদিকে সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির আয়োজন করবে সরকার। তখন অন্নপূর্ণা যোজনা-সহ সরকারের অন্য সব জনকল্যাণমূলক প্রকল্পে আবেদন করা যাবে। উল্লেখ্য, রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের মাধ্যমে ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ৩০০০ টাকা করে দেওয়া হয় মহিলাদের।













