মাসের বেতনের আগেই পাওয়া যাবে অগ্রিম টাকা! সরকারি কর্মীদের জন্য অগ্রিম বেতন প্রকল্প চালু রাজ্যের

Published on:

Published on:

West Bengal Salary Advance Scheme started for State Government employees

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি কর্মীদের (State Government Employees) সুবিধায় ফের এক বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার থেকে মাসের বেতনের আগেই প্রয়োজন অনুসারে অগ্রিম টাকা নেওয়া যাবে। এর জন্য অগ্রিম বেতন প্রকল্প তথা ওয়েস্ট বেঙ্গল স্যালারি অ্যাডভান্স স্কিম চালু (West Bengal Salary Advance Scheme) করা হয়েছে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর।

অগ্রিম বেতন প্রকল্প চালু রাজ্যের | (West Bengal Salary Advance Scheme)

রাজ্য সরকারের অগ্রিম বেতন প্রকল্পের অধীন প্রথম পর্যায়ে রাজ্যের সকল নিয়মিত সরকারি কর্মী সুবিধা পাবেন। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি- সব বিভাগের কর্মীদের জন্যই এটি চালু করা হচ্ছে। এর মাধ্যমে মূলত দু’ভাবে অগ্রিম টাকা নেওয়ার সুযোগ থাকছে। একটি স্বল্পমেয়াদি অগ্রিম ও আরেকটি দীর্ঘমেয়াদি অগ্রিম।

West Bengal Salary Advance Scheme

স্বল্পমেয়াদি অগ্রিমের ক্ষেত্রে মাসের হাতে পাওয়া বেতনের সর্বাধিক ৫০ শতাংশ অবধি অগ্রিম নেওয়া যাবে। ওই টাকা একই মাসের মধ্যে বা পরবর্তী বেতনের সময় ফেরত করতে হবে। সর্বোচ্চ সময়সীমা দু’মাস তথা ৬০ দিন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত দিয়ে দিলে কোনও সুদ দিতে হবে না।

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনায় ফের যোগ্য-অযোগ্য যাচাই! বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের

অন্যদিকে দীর্ঘমেয়াদি অগ্রিমের ক্ষেত্রে ২ মাস থেকে সর্বাধিক ৬০ মাসের মধ্যে কিস্তিতে টাকা ফেরত করতে হবে। এই অগ্রিমের ক্ষেত্রে সুদ দিতে হবে। কোন কর্মী অগ্রিম হিসেবে কত টাকা পাবেন, তা তাঁর আর্থিক পরিস্থিতি যাচাই করে নির্ধারণ করবে সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা আর্থিক সংস্থা।

দীর্ঘমেয়াদি অগ্রিমের ক্ষেত্রে সর্বোচ্চ ঋণসীমা হতে পারে একজন কর্মীর মাসিক হাতে পাওয়া বেতনের ৩০ গুণ। তবে মোট মাসিক কিস্তি সংশ্লিষ্ট কর্মীর বেতনের ৫০ শতাংশের বেশি হওয়া যাবে না।

রাজ্য জানিয়েছে, সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগ্রিমের টাকা জমা পড়বে। পাশাপাশি টাকা ফেরতের সময় বেতন থেকেই নির্ধারিত কিস্তি কেটে নেওয়া হবে। রাজ্যের WBIFMS ও HRMS পোর্টালের সঙ্গে সম্পূর্ণ ব্যবস্থাটি যুক্ত থাকবে। তবে অগ্রিম বেতন প্রকল্পের অধীন এক সময়ে একাধিক অগ্রিম নেওয়া যাবে না। আগের ঋণ শোধের পরেই নতুন আবেদন করা যাবে।

সরকারি কর্মীদের জরুরি প্রয়োজনে যাতে বাইরে থেকে বেশি সুদে ঋণ নিতে না হয়, সেই জন্য এই অগ্রিম বেতন প্রকল্প আনা হয়েছে। প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য এটি চালু থাকবে। রিজার্ভ ব্যাঙ্কের নিয়ন্ত্রণাধীন ব্যাঙ্ক এবং আর্থিক সংস্থার মাধ্যমে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে।

রাজ্য সরকারি কর্মীদের সুবিধার্থে বিভিন্ন সময় নানা উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এবার জরুরি প্রয়োজনে আর্থিক সহায়তা দিতে অগ্রিম বেতন প্রকল্প চালু করা হল। বিজ্ঞপ্তি জারির দিন থেকেই প্রকল্পটি কার্যকর হয়েছে।