বাংলা হান্ট ডেস্ক: প্রতিদিন নয়া রেকর্ড। ডিসেম্বর মাসে এসে ভেলকি দেখাচ্ছে আবহাওয়া। সমানে তাপমাত্রা নামছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতেও জমিয়ে শীতের আমেজ। শনিবার চলতি মরসুমের শীতলতম দিন তিলোত্তমায়। সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত শীতের কামড় চলবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও জেলায় তাপমাত্রা ২–৩ ডিগ্রি নামতে পারে আগামী তিন দিনে। রাজ্যজুড়ে বর্তমানে শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে। আর হুড়মুড়িয়ে ঢুকছে উত্তুরে হাওয়া। যার কারণে তাপমাত্রা নিম্নমুখী। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত শীতের হাত থেকে রেহাই নেই কয়েকদিন।

আগামী ৩১ ডিসেম্বর ও বছরের শুরুতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে গোটা রাজ্যেই। তবে তাপমাত্রা বাড়লেও শীতের দাপট মোটেও কমবে না অর্থাৎ বর্ষবরণেও দোসর কনকনে ঠান্ডা। আপাতত আগামী কয়েক দিন রাতের তাপমাত্রার পাশাপাশি নেমে যাবে দিনের বেলার পারদও। পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বেশি থাকবে। ইতিমধ্যেই একাধিক জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে।
আবহাওয়া দপ্তর বলছে, ২৯ তারিখ পর্যন্ত রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। আগামী সাতদিন আপাতত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আবহাওয়া মোটের উপরে শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার জেরে দৃশ্যমানতা নেমে যেতে পারে কোথাও কোথাও। তবে ঘন কুয়াশার সতর্কতা জারি নেই।

আরও পড়ুন: বাতিল হল শিক্ষকদের ছুটি! SIR-র প্রক্রিয়ায় রবিবারেও খোলা স্কুল? জারি নির্দেশিকা
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে শীতের পাশাপাশি ভয় ধরাচ্ছে কুয়াশা। উত্তরের অধিকাংশ জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরেও কুয়াশার জেরে দৃশ্যমানতা তলানিতে ঠেকছে। আগামী ৫–৬ দিন রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। তবে ঘন কুয়াশার কারণে সকালের দিকে ঠান্ডা আরও বেশি অনুভূত হবে। উত্তুরে হাওয়ার দাপটে কাঁপুনি বাড়বে।












