বাংলাহান্ট ডেস্ক: ফাঁড়া কাটিয়ে সরেছে নিম্নচাপ। তবে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। এর জেরে আপাতত দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টি চলবে। আবহাওয়া দপ্তর বলছে, রোদের দেখা মিললেও আজ ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে দুই জেলায়। তাই স্বাধীনতা দিবসের দিনে বাইরে বেরোনোর থাকলে অবশ্যই কাছে রাখুন ছাতা।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আজ শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিও। বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিন।
এদিন বৃষ্টির পাশাপাশি এদিন একাধিক জেলায় ঘণ্টায় ৩০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার ফের বর্ষণ বাড়তে পারে কিছু কিছু জেলায়। রবিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতাতেও।
সোমবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে। সোম এবং মঙ্গলবার দু’এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কতা জারি নেই আপাতত। গত কয়েকদিন ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রা মোটের ওপর কম ছিল দক্ষিণবঙ্গে। স্বাভাবিকের আশেপাশেই ছিল তাপমাত্রা। তবে বৃষ্টি কমলে ফের একবার তাপমাত্রার পারদ চড়ার পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: সপ্তম পে কমিশন নিয়ে ‘খারাপ খবর’! এই রাজ্য সরকারি কর্মচারীরা বঞ্চিত সুবিধা থেকে
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে অবশ্য ভিন্ন পরিস্থিতি। রবিবার থেকে বাড়বে বৃষ্টির দাপট। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকালের জন্য অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।













