বাংলাহান্ট ডেস্ক: বৃষ্টির বিরাম নেই। সেপ্টেম্বর মাসে এসেও রোজই বিক্ষিপ্তভাবে ভিজছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবেই ফের একবার ঝড়-বৃষ্টির তোলপাড় হবে দক্ষিণবঙ্গে। কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? দেখে নিন আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, আগামীকাল মঙ্গলবার থেকেই বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গে। প্রায় সব জেলাতেই ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তার আগে আজও ভিজতে পারে দক্ষিণবঙ্গ। তবে সামান্যই। আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
এই সময় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। গোটা দক্ষিণবঙ্গে জারি রয়েছে হলুদ সতর্কতা। বুধবার আরও বাড়বে দুর্যোগ। ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামের কিছু অংশে। জারি রয়েছে সতর্কতা।
এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর বীরভূম ও মুর্শিদাবাদ সহ সব জেলাতেই বৃষ্টি বাড়বে বুধবার। বৃহস্পতিবার আরও ভারী ঝড়বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ায় তুমুল ঝড়-বৃষ্টির সতর্কতা জারি। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার কিছু জায়গায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
শুক্রবার ও শনিবারও একই রকম থাকবে পরিস্থিতি। দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গ সহ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েকদিন। শনিবার পর্যন্ত দুর্যোগের পরিস্থিতি থাকবে। রবিবার থেকে শান্ত হবে দক্ষিণবঙ্গ।

আরও পড়ুন: সরকারি কর্মীদের আরও একটি সুখবর দিল নবান্ন, পুজোর মাস থেকে চালু নয়া সুবিধা
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। আপাতত ভারী বৃষ্টির সতর্কতা নেই। অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারের সব জেলাতেই আজ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টি বাড়তে পারে উত্তরের জেলাগুলিতে।














