বাংলাহান্ট ডেস্ক: দোরগোড়ায় পুজো, দুয়ারে বৃষ্টি। সেপ্টেম্বরেও রোজই ভিজছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। বিক্ষিপ্ত বৃষ্টি চলছিলই, এরই মাঝে আরও বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবেই বদলে যাবে রাজ্যের পরিস্থিতি।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর তা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৩ সেপ্টেম্বর নাগাদ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছবে। যা সরাসরি প্রভাব ফেলবে বাংলার ওপর। আজ থেকেই বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গে।
আজ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। মূলত উপকূলের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সাথে জোর বৃষ্টির দাপট দেখা যেতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা।

মঙ্গলবার গোটা দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বুধবার আরও বাড়বে বৃষ্টি। ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামের কিছু অংশে। কড়া সতর্কতা জারি রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুর জেলার পাশাপাশি বীরভূম এবং মুর্শিদাবাদে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ায় তুমুল ঝড়-বৃষ্টির সতর্কতা জারি। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার কিছু জায়গায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। পরের দু’দিনও একই রকম থাকবে পরিস্থিতি। শনিবার পর্যন্ত টানা বৃষ্টির সতর্কতা।

আরও পড়ুন: এই সব ডকুমেন্ট গুছিয়ে রাখুন, অক্টোবর মাস থেকেই শুরু হচ্ছে ‘যুবশক্তির’ আবেদন
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
উত্তরবঙ্গেও তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এছাড়া বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরের জেলাগুলিতে। সঙ্গে বাড়বে ঝোড়ো হাওয়ার দাপটও।














