বাংলাহান্ট ডেস্ক: এক নিম্নচাপ সরে গিয়েছে ঠিকই তবে বঙ্গোপসাগরের উপর ফের নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। ওদিকে সক্রিয় রয়েছে বর্ষাকালীন অক্ষরেখা। এই দুইয়ের মিলিত প্রভাবে ফের বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। শুধু তাই নয়, গোটা রাজ্যেই ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। খুব শীঘ্রই বড় বদল হতে পারে আবহাওয়ার।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। আজ বেশি ভিজতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার কিছু অংশ। ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে।
সোমবারও দক্ষিণবঙ্গের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এছাড়া ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস। দোসর হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

মঙ্গলবার পর্যন্ত মোটের ওপর একই রকম থাকবে আবহাওয়া। তবে বুধবার থেকে আর সেভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। বৃষ্টি কমে গেলে আগামী সপ্তাহে তাপমাত্রা ফের বাড়ার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন: সবাই পাবেন না আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা! এই শর্ত পূরণ করলে তবেই মিলবে ৫ লক্ষের সহায়তা
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
আগামীকাল থেকে উত্তরবঙ্গের কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস। একই তালিকায় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারও। মঙ্গল-বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই জেলাগুলিতে। কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে কেবল সোমবার। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। একইসাথে উত্তরবঙ্গের জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার প্রভাব লক্ষ্য করা যেতে পারে।













