বাংলা হান্ট ডেস্ক: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) তথা SBI-র গ্রাহকদের জন্য স্বস্তির খবর। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ব্যাঙ্ক কর্মচারীদের পূর্বনির্ধারিত আগামী ২৫ ও ২৬ মে-র জন্য পরিকল্পিত দেশব্যাপী ধর্মঘট স্থগিত করা হয়েছে। গত শুক্রবার ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং ইউনিয়ন প্রতিনিধিদের মধ্যে ‘ইতিবাচক আলোচনার’ পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই SBI জানিয়েছে যে, ধর্মঘট স্থগিত হওয়ার পর, ২৫ ও ২৬ মে তাদের শাখাগুলি যথারীতি খোলা থাকবে এবং সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। মূলত, ব্যাঙ্কটি তার ৫২ কোটি গ্রাহকের উদ্দেশ্যে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, অল ইন্ডিয়া SBI এমপ্লয়িজ ফেডারেশন (AISBISF)-এর ২৫-২৬ মে-র প্রস্তাবিত ধর্মঘট স্থগিত করা হয়েছে।
SBI (State Bank of India)-র গ্রাহকদের জন্য স্বস্তির খবর:
২ দিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল: জানিয়ে রাখি যে, অল ইন্ডিয়া SBI এমপ্লয়িজ ফেডারেশন পর্যাপ্ত কর্মী নিয়োগসহ বিভিন্ন দাবি আদায়ের জন্য ২ দিনের দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিল। বিষয়টির পরিপ্রেক্ষিতে SBI স্টাফ অ্যাসোসিয়েশনের বেঙ্গল সার্কেলের সচিব সুদীপ দত্ত বলেন, ‘মুম্বাইতে ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকটি ইতিবাচক ছিল এবং ইউনিয়নের বেশ কয়েকটি দাবিতে অগ্রগতি হয়েছে। এই পরিস্থিতিতে, প্রস্তাবিত ধর্মঘট স্থগিত করা হয়েছে।’

উল্লেখ্য যে, চলতি মাসের শুরুতে, ইউনিয়নটি ১৬-দফা দাবি আদায়ের জন্য দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিল। এই দাবিগুলির মধ্যে ছিল বার্তাবাহক ও সশস্ত্র প্রহরী নিয়োগ, স্থায়ী চাকরির আউটসোর্সিং বন্ধ করা, পর্যাপ্ত সংখ্যক কর্মী মোতায়েন, পদোন্নতির পরিকল্পনা পর্যালোচনা, চিকিৎসা ব্যয়ের পূরণের উন্নতি এবং HRMS) সম্পর্কিত সমস্যাগুলির সমাধান।
আরও পড়ুন: মমতার নকশায় হয়েছিল তৈরি! ক্রীড়ামন্ত্রীর নির্দেশে যুবভারতীর সামনে ভাঙা হল সেই ‘অদ্ভুত’ মূর্তি
মূলত, ফেডারেশন ব্যাঙ্কের মধ্যে ক্লার্ক নিয়োগ কমে যাওয়া, কর্মচারীদের কাজের চাপ বৃদ্ধি, ইন্টার-সার্কেল বদলিতে বিলম্ব এবং পেনশন-সংক্রান্ত সমস্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। সদস্যদের উদ্দেশ্যে এক বার্তায় SBI কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক এল. চন্দ্রশেখর বলেন, ‘মুম্বাইয়ের কর্পোরেট সেন্টারে ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং ফেডারেশনের মধ্যে বৈঠকটি ইতিবাচক ছিল। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দাবিগুলির বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।’ তিনি আরও জানান, ‘আলোচনায় অর্জিত অগ্রগতির পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত ধর্মঘটটি স্থগিত করা হয়েছে।’
আরও পড়ুন: দৈনিক মিলবে মাত্র ৩৪৪ টাকা! ‘কাঙাল’ পাকিস্তানে চরম অপমানিত খেলোয়াড়রা
গ্রাহকদের জন্য বড় স্বস্তি: উল্লেখ্য যে, এই সিদ্ধান্তটি কোটি কোটি SBI গ্রাহকের জন্য উল্লেখযোগ্য স্বস্তি হিসাবে বিবেচিত হচ্ছে। কারণ, এই ধর্মঘট হলে টানা ৫ দিন ধরে SBI-এর ব্যাঙ্কিং কার্যক্রম ব্যাহত হতো। প্রস্তাবিত ধর্মঘটের আগে মাসের চতুর্থ শনিবার ও রবিবার পড়েছে। যার কারণে ব্যাঙ্ক বন্ধ থাকতো। এছাড়াও, ধর্মঘট হলে ওই ২ দিনের পাশাপাশি বকরি ইদ উপলক্ষ্যে ২৭ মে একাধিক রাজ্যে ছুটি থাকে।













