ডিম ছুড়তেই বাড়ল ডিমের দাম! ডিমের দাম বৃদ্ধির নেপথ্যে রয়েছে কোন রহস্য?

Published on:

Published on:

What is the secret behind the increase in egg price hike?
Follow

বাংলা হান্ট ডেস্ক :  রাজ্যে ফের ডিমের (Egg Price Hike) দাম বাড়ছে। শেষ কয়েক দিনে দাম দ্রুত হারে বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের পকেটে চাপ বেড়েছে। কলকাতায় গত ১০ দিনের হিসেব বলছে, ডিমের ট্রে প্রতি দাম প্রায় ২০ টাকা বেড়েছে। এই সময়ের মধ্যে ধাপে ধাপে প্রতিদিনই সামান্য করে দাম বেড়েছে, কখনও ১০ পয়সা, কখনও ২০ পয়সা করে। এর ফলে বাজারে ডিমের দাম এখন আগের তুলনায় অনেকটাই বেশি।

কেন বাড়ছে ডিমের দাম (Egg Price Hike) ?

ন্যাশনাল এগ কোঅর্ডিনেশন কমিটির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ১০ দিন আগে কলকাতার পাইকারি বাজারে ডিমের ট্রে বিক্রি হচ্ছিল ১৮৬ টাকায়। সেই সময় খুচরো বাজারে দাম ছিল প্রায় ২০০ থেকে ২০৫ টাকার মধ্যে। বর্তমানে সেই ছবিটা বদলে গিয়েছে। এখন কলকাতার পাইকারি বাজারে ডিমের ট্রে বিকোচ্ছে ২০৬ টাকায়।

তাই খুচরো বাজারে দাম পৌঁছে গিয়েছে ২২০ থেকে ২২৫ টাকায়। মুদি দোকানগুলিতে ডিমের জোড়া বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৬ টাকায়। ফলে এক পিস ডিম কিনতে ক্রেতাদের প্রায় ৮ টাকা খরচ করতে হচ্ছে।
ডিমের দাম বৃদ্ধির কারণ নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এর পিছনে রাজনৈতিক ব্যাখ্যা খুঁজলেও বিষয়টি নিয়ে ভিন্ন মতও রয়েছে।

সম্প্রতি বাংলায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক পালাবদল ঘটেছে‌।পূর্বের শাসকদল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং একের পর এক তারা গ্রেফতার হচ্ছেন। এই পরিস্থিতিতে জনমানসে ক্ষোভও প্রকাশ পাচ্ছে। বিভিন্ন জায়গায় রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও সামনে এসেছে। কিছু বিজেপি নেতাদের মতে, এই পরিস্থিতির কারণেই নাকি ডিমের দাম বেড়েছে।

তবে পোলট্রি শিল্পের প্রতিনিধিরা এই যুক্তি মানতে নারাজ। ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সভাপতি মদন মাইতি বলছেন, “এখন ডিম উৎপাদনে যা খরচ হচ্ছে, তাতে ডিমের দাম ৮ টাকা না হলে কৃষকদের লাভ থাকছে না। গরমের সময়ে স্বাভাবিক ভাবেই উৎপাদন কিছুটা কম, সেই কারণেই ডিমের দাম চড়া রয়েছে।” তিনি আরও জানান, “গত এক মাসে পোলট্রি খাতে কাঁচামালের দাম ৬০ শতাংশ বেড়ে গিয়েছে। সেই কারণে উৎপাদন খরচ অনেকটাই বেড়েছে, ফলে ডিমের দামও বাড়ছে।”

What is the secret behind the increase in egg price hike?

আরও পড়ুন : সরকারি বাসে মহিলাদের ফ্রি সফর নিয়ে নয়া সমস্যা! হস্তক্ষেপ চেয়ে পরিবহণমন্ত্রীর কাছে আবেদন

রাজনৈতিক প্রসঙ্গ টেনে মদন মাইতি আরও বলেন, “পশ্চিমবঙ্গের মানুষ প্রতিদিন সাড়ে ৪ কোটি ডিম কেনেন। রাজ্যে প্রতিদিন সাড়ে ৪ কোটি ডিম কেনেন, এরমধ্যে কত শতাংশ ডিম ছোড়া হচ্ছে? আসলে কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণেই ডিমের দাম বাড়ছে।”