বাংলাহান্ট ডেস্ক: SIR প্রক্রিয়া ঘিরে রাজ্য রাজনীতিতে যখন তীব্র সংঘাতের আবহ, ঠিক সেই সময়েই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি বিকেল ৪টেয় মুখ্যমন্ত্রীকে সময় দেওয়া হয়েছে। ওই বৈঠকে সর্বোচ্চ ১৫ জনের একটি প্রতিনিধি দল সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতিও পেয়েছেন তিনি। রাজ্যে চলমান SIR প্রক্রিয়া নিয়ে যে অসন্তোষ ও অভিযোগ দীর্ঘদিন ধরে জমছে, সেই প্রেক্ষিতেই এই সাক্ষাৎকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক মমতার (Mamata Banerjee)
SIR নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে ইতিমধ্যেই অন্তত পাঁচটি চিঠি মুখ্য নির্বাচন কমিশনারকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। দু’দিন আগেই ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছিলেন, SIR প্রক্রিয়ার জেরে বহু মানুষের মৃত্যু ও চরম হয়রানির খবর সামনে আসছে, তাই বিষয়টি নিয়ে তিনি নিজেই দিল্লিতে গিয়ে কথা বলবেন। তৃণমূল কংগ্রেসের তরফেও একাধিকবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অভিযোগ জানানো হয়েছে, যা পরে নির্বাচন কমিশনে পাঠানো হয়। দলের অভিযোগ, যাচাইয়ের নামে সাধারণ মানুষকে অকারণে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
আরও পড়ুন: ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিলেন মমতা! বিমান দুর্ঘটনায় ভাইপোর মৃত্যুতে কী জানালেন শরদ পাওয়ার?
এ দিন সিঙ্গুরের সভা থেকেও SIR ইস্যুতে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, যাচাইয়ের নামে পরিকল্পিত ভাবে মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য, কোটি কোটি মানুষের ভাগ্য কয়েকজন ঠিক করে দিতে পারে না, সরকার কে গড়বে তা ঠিক করবে মানুষই। গণতন্ত্রের কথা তুলে ধরে তিনি স্বৈরতন্ত্রের অভিযোগও করেন এবং নির্বাচন প্রক্রিয়ায় মানুষের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।
মুখ্যমন্ত্রীর এই আক্রমণের পাল্টা জবাব দিতে দেরি করেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্গাপুরের সভা থেকে তিনি দাবি করেন, SIR কোনও নতুন বিষয় নয় এবং এটি পুরোপুরি নির্বাচন কমিশনের প্রক্রিয়া। তাঁর বক্তব্য, মৃত, অস্তিত্বহীন ও ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া জরুরি। পাশাপাশি তিনি অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় রাখা হবে না বলেও মন্তব্য করেন। শুভেন্দুর দাবি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই আসল চিত্র স্পষ্ট হবে।

আরও পড়ুন: এবার খুচরোর সমস্যা মেটাবে ATM! বড় পদক্ষেপের পথে RBI
এদিকে SIR শুনানি ঘিরে সাধারণ মানুষের ভোগান্তির ছবিও সামনে আসছে। কোথাও অসুস্থ ও প্রবীণ নাগরিকদের শুনানি কেন্দ্রে হাজির হতে হচ্ছে, আবার কোথাও বিশেষভাবে সক্ষম ব্যক্তিরাও লাইনে দাঁড়িয়ে যাচাই করাতে বাধ্য হচ্ছেন। অনেক ক্ষেত্রে রুজি-রোজগার ছেড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার অভিযোগ উঠেছে। এই অবস্থায় নেতা-মন্ত্রী ও VVIP-দের দ্রুত শুনানির সুযোগ পাওয়ার অভিযোগ তুলে তৃণমূল নেতৃত্ব বারবার সরব হচ্ছে। এমন পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রীর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক রাজ্য রাজনীতিতে নতুন মোড় আনতে পারে বলে মনে করা হচ্ছে।












