বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ ২-৩ ফলে জিতে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। সেই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন ভারতের ওডিআই ফরম্যাটের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। শনিবার ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) মাঠে নামার আগে ক্ষুদ্রতম ফরম্যাটে ভারতের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন গিল।
গিল সরাসরি ওই ফরম্যাটের ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ারের ভূয়সী প্রশংসা করেছেন। যেরকম ভাবে দাপট দেখিয়ে তরুণ ভারতীয় দল ওই সিরিজে জয় পেয়েছে, সেই মোমেন্টাম ওডিআই ফরম্যাটের ভারতীয় দলকেও বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস শুভমান গিলের। তিনি নিজে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন। আপাতত টেস্ট এবং ওডিআই ফরম্যাটে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করছেন তিনি।

টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ভারতীয় দলের পারফরম্যান্স প্রসঙ্গে শুভমান গিল বলেছেন, “তিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচগুলোতে দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন। নিউজিল্যান্ডের মতো দেশে গিয়ে সিরিজ জয় মোটেও সহজ কাজ নয়; বিশেষ করে সেই সিরিজের প্রথম দুটি ম্যাচে দল যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, তা বিবেচনায় নিলে এই জয় আরও কঠিন ছিল। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সেই প্রত্যাবর্তনগুলো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে, যার ধারাবাহিকতা আমরা ওয়ানডে সিরিজেও বজায় রাখতে চাই। টি-টোয়েন্টি সিরিজ জয়ের পথে আমরা অনেকগুলো লক্ষ্য পূরণ করতে পেরেছি। আমরা জানি, কিউয়িরা আমাদের ওপর প্রবল চাপ সৃষ্টি করার চেষ্টা করবে, তবে তার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।”
আরও পড়ুন: শচীনের রেকর্ড ভাঙার দিনে কোহলির প্রশংসায় মাতলেন গিল! জানালেন বড় সত্যি
গিল বিশ্বকাপের প্রস্তুতি প্রসঙ্গেও নিজের বক্তব্যতে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন কিভাবে নিউজিল্যান্ডের পিচ ও পরিবেশ ভারতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতির জন্য সহায়ক হতে পারে। তিনি মনে করেন পরের বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে চলা আসন্ন ওডিআই বিশ্বকাপের প্রস্তুতির ক্ষেত্রে এই সফরের অভিজ্ঞতা তাদের কাজে লাগতে পারে।
আরও পড়ুন: জিতেও শান্তি নেই! রোহিত শর্মার লজ্জাজনক রেকর্ড ভেঙে আরও বড় অস্বস্তিতে ভারতীয় অধিনায়ক শ্রেয়স
শুভমান গিল সরাসরি বলেছেন, “এখানে আমরা যে ধরনের পরিবেশ পাচ্ছি, তা দক্ষিণ আফ্রিকার পরিস্থিতির মতোই। আমরা নভেম্বরের শুরুর দিকে খেলছি; সাধারণত দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া সফরে আমরা ডিসেম্বর মাসের শেষ দিকে বা জানুয়ারি মাসের শুরুর দিকে খেলে থাকি। আমার মনে হয়, এখানকার পরিবেশ অনেকটা একই রকম হবে এবং এটি আমাদের জন্য একটি ভালো অভিজ্ঞতা হতে পারে।”












