বাংলা হান্ট ডেস্ক: পৌষের শেষে এসে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শীতের আমেজ কিছুটা কমেছে। আবহাওয়া দপ্তর বলছে রাজ্যে আপাতত শীত থাকবে একই রকম। চলতি সপ্তাহে রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রা সামান্য বাড়লেও এখনই শীত বিদায় নয়। তবে কনকনে ঠান্ডা কি ফের ফিরবে? জানুন আগাম পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আগামী পাঁচদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় বিশেষ ওঠানামা হবে না। হঠাৎ আবহাওয়ার ইউটার্ন দেখে চিন্তায় শীতপ্রেমীরা। তাহলে কি শীতের বিদায়? আবহাওয়া দপ্তর অবশ্য বলছে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজায় থাকবে ঠান্ডার আমেজ। তবে জাঁকিয়ে ঠান্ডা পড়ার আর সেরম সম্ভাবনা নেই।
IMD-র পূর্বাভাস, সপ্তাহান্ত থেকেই ঠান্ডা কমতে চলেছে গোটা রাজ্যেই। রাজ্যের প্রত্যেক জেলায় ন্যূনতম তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়বে আগামী সাত দিনে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সকালের দিকে সব জেলাতেই হালকা কুয়াশা দেখা যাবে দক্ষিণবঙ্গে। শনি এবং রবিবার নাগাদ কুয়াশার প্রভাব বাড়বে। ঘন কুয়াশা থাকতে পারে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায়।
চলতি সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে।

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরের জেলাগুলিতে কুয়াশার দাপট রয়েছে। তা আরও বাড়বে চলতি সপ্তাহে। দার্জিলিং ও উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারে। এই সব জেলায় জারি হলুদ সতর্কতা। এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি কুয়াশা থাকবে।

আরও পড়ুন: রোজভ্যালি কাণ্ডে বড় মোড়! ৩০ হাজার কোটি সম্পত্তি নিয়ে তদন্তের নির্দেশ হাই কোর্টের
আগামী পাঁচ দিন কোথাও রাতের তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনেকটা কমলেও উত্তরে তা অব্যাহত রয়েছে। আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।












