বাংলা হান্ট ডেস্ক: হঠাৎ করে তাপমাত্রা বাড়ছে রাজ্যে। যা স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলেছে শীতপ্রেমীদের। তাহলে কি দক্ষিণবঙ্গ (South Bengal Weather) থেকে শীত হাওয়া হবে কয়েকদিনেই? নভেম্বর-ডিসেম্বরের ঠান্ডা রেকর্ড ভেঙেছে বহু বছরের। আশা করা হচ্ছিল এবার জানুয়ারিতেও ভরপুর শীতের আমেজ থাকবে। তা কি তাহলে হচ্ছে না? কি বলছে আবহাওয়া দপ্তর?
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
উত্তর থেকে দক্ষিণ, দুই বঙ্গেই কমছে শীতের আমেজ। বেশ কয়েক ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। আবহবিদরা জানিয়েছেন, এ বছরও বাংলা থেকে শীতের প্রভাব দ্রুত কমে যাবে। আর প্রতিবারের মত এ বছরও অন্য বছরের তুলনায় গরম হানা দেবে তাড়াতাড়ি।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার থেকে আবহাওয়ায় পরিবর্তন হবে। সোমবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে আরও। সোমবার থেকে বুধবার পর্যন্ত তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে রাজ্যে। তার পরের তিনদিন তাপমাত্রা একই রকম থাকবে।
মূলত একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রা সমানে বাড়ছে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা। একটি পশ্চিমী ঝঞ্ঝা সোমবার আসবে। লাক্ষাদ্বীপ ও সংলগ্ন উত্তর-পূর্ব আরব সাগর এলাকায় কেরল উপকূলে ফুঁসছে ঘূর্ণাবর্ত। সবমিলিয়ে ঠান্ডার পথ আকটাচ্ছে।
কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। ঘন কুয়াশার সম্ভাবনায় হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায়।

আরও পড়ুন: মমতার বিরুদ্ধে ১০০ কোটির মামলা, জিতলে কী করবেন ওই টাকায়? স্পষ্ট জানালেন শুভেন্দু
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরে শীতের আমেজ থাকলেও বেড়েছে তাপমাত্রা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছিতে নেমে আসতে পারে। আগামীকাল থেকে বুধবারের মধ্যে উত্তরেও সর্বোচ্চ ৩ ডিগ্রি বাড়তে পারে।












