মাঘের শুরুতেই শীত বিদায়! আগামী দু’দিনে দক্ষিণবঙ্গে চড়বে পারদ: আজকের আবহাওয়া

Published on:

Published on:

south bengal weather(144)
Follow

বাংলা হান্ট ডেস্ক: গত কয়েকদিনে বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত সেই ধারাই অব্যাহত থাকবে। আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই। এ যাত্রায় কনকনে শীতের হাত থেকে রেহাই বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে, সোমবার থেকে চড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সমস্ত জেলায় বাড়বে তাপমাত্রা। বুধবারের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

চলতি সপ্তাহে স্বাভাবিকের উপরেই তাপমাত্রা থাকার পূর্বাভাস। পশ্চিমের জেলাগুলিতে এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা বাড়বে আজ থেকে।

আপাতত সর্বত্র শুষ্ক থাকবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবেই তাপমাত্রা বাড়ছে। শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করেছে। নতুন করে আরও একটি ঝঞ্ঝা ঢুকতে পারে, এসবের জেরে উত্তুরে হাওয়ার গতিপথ বাধাপ্রাপ্ত হয়ে তাপমাত্রা বাড়ছে।

কুয়াশা সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায়। কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি কুয়াশা থাকবে। সকালের দিকে কুয়াশা বেশি থাকবে।

south bengal weather

আরও পড়ুন: ৩৭ বছরের ইতিহাসে এই প্রথম! টিম ইন্ডিয়াকে ভারতের মাটিতেই হারিয়ে ODI সিরিজ জিতল নিউজিল্যান্ড

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই চলতি সপ্তাহে। আপাতত স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। গত কয়েকদিনে পারদ চড়লেও উত্তরে শীতের আমেজ রয়েছে। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। সতর্কতা রয়েছে।