বাংলা হান্ট ডেস্ক: তাপমাত্রা বাড়ছে ধীরে ধীরে। শীতের অনুভূতি থাকলেও কনকনে শীত এখন আর নেই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত আর শীত জাঁকিয়ে বসার পূর্বাভাস নেই। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। আরও কমবে শীতের অনুভূতি। আর এর পেছনে রয়েছে জোড়া ভিলেন!
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবারের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জাঁকিয়ে শীতের অনুভূতি কমবে আরও। তবে এখনই শীত একেবারে বিদায় নয়। হাওয়া অফিস বলছে, গোটা জানুয়ারি মাস জুড়ে শীতের আমেজ বজায় থাকবে রাজ্যে। ভোরের দিকে এবং রাতে হিমেল হাওয়ায় বাড়বে ঠান্ডার অনুভূতি। তবে দিনের বেলায় হাওয়া হবে ঠান্ডা।
আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গে তাপমাত্রা উর্দ্ধমুখী হওয়ার পেছনে রয়েছে কুয়াশা ও পশ্চিমী ঝঞ্ঝা। একাধিক পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে রাজ্যের আশপাশে। পাশাপাশি পাকিস্তান ও উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। বুধবার নাগাদ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে চলেছে।

আবার কোমোরিন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। অসম, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের উপরও একাধিক ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আর সেই কারণেই উত্তুরে হাওয়া বাধা পেয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এদিকে কুয়াশার প্রভাবও রয়েছে। সারা রাজ্যেই সকালের দিকে চলবে কুয়াশার দাপট।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত বহাল থাকবে কুয়াশা। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। বাকি জেলাগুলোতেও সকালের দিকে কুয়াশা থাকবে। তবে বেলা বাড়লে কুয়াশাও কমবে।
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে তাপমাত্রা কিছুটা উর্দ্ধমুখী হলেও শীত বজায় থাকবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও মালদা এই সমস্ত জেলাগুলিতে ধীরে ধীরে শীতের দাপট কমবে। তবে ঘন কুয়াশা থাকবে অধিকাংশ জায়গাতেই। দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে কোথাও কোথাও। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার সতর্কতা জারি রয়েছে।












