বাংলা হান্ট ডেস্কঃ মাত্র তিন মাসেই রাজ্য সরকারের হিট প্রকল্প অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। বিজেপি সরকারের এই স্কিম বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে। ইতিমধ্যেই পরপর তিন মাসের টাকা মিলেছে। গত মাসে প্রায় দেড় কোটি মানুষ এই প্রকল্পের (Government Scheme) সুবিধা পান। মাসে মাসে কড়কড়ে ৩০০০ টাকা পেয়ে বেজায় খুশি রাজ্যের মহিলারা। কোথাও হচ্ছে আবির খেলা, কোথাও মিষ্টিমুখ কোথাও আবার পদযাত্রা। যেমন দৃশ্য গতকাল দেখা গেল দুর্গাপুরে (Durgapur)।
মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনে পদযাত্রা | Annapurna Yojana
অন্নপূর্ণা যোজনা পাওয়ার খুশিতে রবিবার দুর্গাপুরে পদযাত্রা করেন মহিলারা। হাতে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে এই পদযাত্রায় অংশ নেন বহু ‘অন্নপূর্ণা’। মূলত মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই তাঁদের এই উদ্যোগ বলে জানা যায়। বৃষ্টি মাথায় করে দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহ থেকে শুরু হয় এই পদযাত্রা। সিটি সেন্টার এলাকার বিভিন্ন রাস্তা দিয়ে পদযাত্রা করে মহিলারা পৌঁছন সিটি সেন্টার বাস স্ট্যান্ডে।
পদযাত্রায় অংশগ্রহণকারী মহিলাদের বক্তব্য, সরকারের এই জনমুখী প্রকল্প তাঁদের আর্থিকভাবে কিছুটা হলেও স্বনির্ভর হওয়ার পথে সাহায্য করছে। তাই মুখ্যমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এই উদ্যোগ তাঁদের। পদযাত্রায় অংশগ্রহণকারী
এক মহিলা ভারতী চট্টোপাধ্যায় বলেন, “অন্নপূর্ণা যোজনার মধ্যে দিয়ে নিজেদের সন্মান খুঁজে পেয়েছেন এই মহিলারা। স্বতঃস্ফূর্তভাবে তারা রাস্তায় নেমেছে শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য।”

ভিডিও: https://share.google/ffFaZqMnFi8jnJdDN
তার কথায়, “সরকার আমাদের দিকে তাকিয়েছে। শুধু অন্নপূর্ণা যোজনাই নয়, মহিলারা নানান কাজে স্বাবলম্বী হচ্ছে। আগামী দিনে সরকারের নানা জনমুখী কাজে উপকৃত হবে সারা রাজ্যের মানুষ।” খারাপ আবহাওয়ার মাঝেও এদিন এই পদযাত্রা ঘিরে মহিলাদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সেখানে অংশগ্রহণকারী অনেক মহিলাই জানান, অন্নপূর্ণা যোজনার মাধ্যমে তাঁরা নিয়মিত আর্থিক সহায়তা পাচ্ছেন। মহিলারা নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি পরিবারে তাঁদের আর্থিক গুরুত্বও বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুন: গ্রান্ট ইন এইড কর্মচারীদের বকেয়া DA নিয়ে বড় পদক্ষেপ! সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে গেল চিঠি
সেপ্টেম্বর মাসে কবে মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা? (Annapurna Yojana)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আগামী ১৭সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে, অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে। সেই দিনটিই পালিত হবে অন্নপূর্ণা দিবস। গত ৭ সেপ্টেম্বর নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে বলেন, ১৭সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন যোগ্য প্রাপকরা।













